২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে নামিবিয়া

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৭:৪৭ পিএম

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নামিবিয়া। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে তানজানিয়াকে হারিয়ে টানা পঞ্চম জয়ে উইন্ডিজ-যুক্তরাষ্ট্র বিশ্বকাপের ১৯তম দল হয়েছে তারা। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে নামিবিয়া। ২০২১ আসরে তারা উঠেছিল সুপার টুয়েলভে। 

১০ পয়েন্ট নিয়ে ৭ দলের বাছাইপর্বে শীর্ষে নামিবিয়া। এই পর্ব থেকে দ্বিতীয় দল হওয়ার লড়াইয়ে আছে উগান্ডা, কেনিয়া, জিম্বাবুয়ে ও নাইজেরিয়া। ৪ ম্যাচে সমান ৬ পয়েন্ট নিয়ে উগান্ডা দুইয়ে, কেনিয়া তিনে আছে। চারে জিম্বাবুয়ের পয়েন্ট ৪, তিন নম্বরে নাইজেরিয়ার ৩ পয়েন্ট। উগান্ডার ও কেনিয়ার ভাগ্য আছে নিজেদের হাতে। জিম্বাবুয়ে ও নাইজেরিয়াকে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলো দিকেও।
আজ ঘরের মাঠে নামিবিয়ার পঞ্চম জয়ের নায়ক জেজে স্মিট। চার নম্বরে নেমে ২৫ বলে ৪ ছক্কা ও একটি চারে অপরাজিত ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। যাতে নামিবিয়ার সংগ্রহ দাড়ায় ১৫৭। পরে গেরহার্ড এরাসমাস (২/১৭), বার্নার্ড শুলজ (১/১৭)ও ডেভিড উইসা (১/২১)-এর দারুণ বোলিংয়ে তানজানিয়াকে ৯৯ রানেই গুটিয়ে যায় নামিবিয়া।

নামিবিয়াকে নিয়ে বিশ্বকাপের দলের সংখ্যা দাড়ালো ১৯। আগেই জায়গা নিশ্চিত করেছে- ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র (স্বাগতিক হিসেবে), অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউ জিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা (২০২২ বিশ্বকাপের পারফরম্যান্সে), বাংলাদেশ ও আফগানিস্তান (র‌্যাংকিংয়ের ভিত্তিতে), এবং বাছাইপর্ব থেকে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড, পাপুয়া নিউ গিনি, কানাডা, নেপাল ও ওমান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত