বিএনপির চলমান অবরোধে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাঁচলিয়া এলাকায় বুধবার ভোর রাতে দুর্বৃত্তরা ঢাকাগামী একটি সবজিবাহী পিকআপে আগুন দিয়েছে। এতে গাড়িটি সামনের অংশ পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিরসর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ তথ্য নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম.এ ওয়াদুদ বলেন, এদিন ভোর রাতে একটি সবজিবাহী পিকআপ বগুড়ার দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পিকআপটি পাচিলার আজিজ ফিলিং স্টেশনের কাছে এসে পৌঁছালে একদল দুর্বৃত্ত হঠাৎ হামলা চালিয়ে পিকআপটির সামনের আসনে আগুন ধরিয়ে দেয়। চালক ও হেলপার পিকাপ থেকে দৌড়ে নেমে আত্মরক্ষা করেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পিকআপটির সামনের অংশ পুড়ে গেছে। পিকআপটিতে আগুন দেওয়া দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, এর আগেও বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে সিরাজগঞ্জের এ মহাসড়কে আরও দুইটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
