জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে বকশিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের যদুরচর দাখিল মাদ্রাসায় ওই ছাত্রী (১৮) দশম শ্রেণিতে পড়ালেখা করেন। গত শুক্রবার (০১ ডিসেম্বর) রাতে বিয়ের কথা বলে ওই ছাত্রীর ঘরে যান মো. সাইফুল ইসলাম। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় ওই ছাত্রীর চিৎকারে পরিবারের লোকজন সাইফুল ইসলামকে হাতেনাতে আটক করেন। ঘটনাটি ধামাচাপা দিতে ওই রাতেই সাইফুল ইসলামের বাবা ফরিদ মিয়া ও তার মা খাইরুন নেছা ছেলের সঙ্গে ওই ছাত্রীর বিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সাইফুলকে নিয়ে যান। এরপর থেকেই সাইফুল লাপাত্তা।
বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনায় সাইফুল ইসলামকে আসামি করে গতকাল রবিবার (০৩ ডিসেম্বর) বিকালে বকশিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ওই ছাত্রী। অভিযুক্ত মো. সাইফুল ইসলাম ওই ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খাঁন জানান, মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আসামিকে দ্রুত গ্রেপ্তার করতে অভিযান চলছে।
