৯ বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশ্ব র‍্যাংকিংয়ে

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:০৮ এএম

দেশের বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান প্রতিনিয়ত উন্নতি হচ্ছে। এর প্রমাণ বিশ্ব ও এশিয়ান র‌্যাংকিংয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমানতালে এগিয়ে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। এ বছর প্রকাশিত যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) বিশ্ব ও এশিয়ান ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে এসেছে দেশের ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়।

গত নভেম্বরে প্রকাশিত কিউএস এশিয়ান ইউনিভার্সিটি র‌্যাংকিং-২০২৩ প্রকাশ করেছে। এতে দেশের ১৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে আটটিই বেসরকারি। প্রকাশিত র‌্যাংকিংয়ের তথ্য অনুযায়ী, দেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তকমা পেয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। এশিয়ার মধ্যে তাদের অবস্থান ২১৯তম। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। এশিয়ার মধ্যে তাদের অবস্থান ৩০১-৩৫০-এর মধ্যে। তৃতীয় অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এশিয়ায় তাদের অবস্থান ৩৫১-৪০০-এর মধ্যে।

বেসরকারি বিশ্ববিদ্যালগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এশিয়ার মধ্যে তাদের অবস্থান ৪০১-৪৫০-এর মধ্যে। পঞ্চম অবস্থানে রয়েছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি)। এশিয়ায় তাদের অবস্থান ৪৫১-৫০০-এর মধ্যে। ষষ্ঠ অবস্থানে রয়েছে আহ্ছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এশিয়ায় তাদের অবস্থান ৫০১-৫৫০-এর মধ্যে। সপ্তম অবস্থানে রয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। এশিয়ায় তাদের অবস্থান ৫০১-৫৫০ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অষ্টম অবস্থানে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)। কিউএস এশিয়ান ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে দেশসেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। তালিকায় স্থানপ্রাপ্ত অন্য বিশ্ববিদ্যালয়গুলো হলোÑ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।

অন্যদিকে গত জুনে প্রকাশিত কিউএস র‌্যাংকিংয়ে বিশ্বসেরা দেশের ১৫ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে সাতটিই বেসরকারি। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।

র‌্যাংকিংয়ে বিশ্বসেরা ৭০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে চমক দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টানা ষষ্ঠবার কিউএস র‌্যাংকিংয়ে ৮৫০-এর মধ্যের অবস্থানে রয়েছে। যদিও র‌্যাংকিংয়ে কিছুটা অগ্রগতি হয়েছে বিশ্ববিদ্যালয়টির।

অন্যদিকে তালিকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেশসেরা হয়েছে বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। র‌্যাংকিংয়ে দেশের প্রথম বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির অবস্থান ৮৫১ থেকে ৯০০-এর মধ্যে, যা বাংলাদেশের হয়ে এবারের র‌্যাংকিংয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থান। এ ছাড়া এবারের তালিকায় ১০০০-এর মধ্যে রয়েছে আরেক বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের।

এবার র‌্যাংকিংয়ে ৬৯১-৭০০তম অবস্থান দখল করে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশসেরা হয়েছে। এরপর দ্বিতীয় ৮০১-৮৫০-এর অবস্থান বুয়েটের, তৃতীয় হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৮৫১-৯০০-এর মধ্যে, চতুর্থ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১০০১-১২০০-এর মধ্যে। এরপর রয়েছে যথাক্রমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি, বাংলাদেশ।

জানা যায়, বেশ কিছু মানদ- অনুসরণ করে এ র‌্যাংকিং করা হয়। কিউএস অ্যাকাডেমিক খ্যাতি (অ্যাকাডেমিক রেপুটেশন), চাকরির বাজারে সুনাম (অ্যামপ্লয়ার রেপুটেশন), শিক্ষক-শিক্ষার্থী অনুপাত (ফ্যাকাল্টি-স্টুডেন্ট রেশিও), শিক্ষকপ্রতি গবেষণা-উদ্ধৃতি (সাইটেশনস পার ফ্যাকাল্টি), আন্তর্জাতিক শিক্ষক অনুপাত (ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি রেশিও), আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাত (ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রেশিও), আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক (ইন্টারন্যাশনাল রিসার্চ নেটওয়ার্ক) ও কর্মসংস্থানের (অ্যামপ্লয়মেন্ট আউটকামস) মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনা করে এ র‌্যাংকিং করা হয়।

কিউএসের এবারের র‌্যাংকিংয়ে বিশ্বের ১ হাজার ৫০০ বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১০০-তে ১০০ স্কোর নিয়ে এবারও প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, তৃতীয় যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।

২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের সঙ্গে যৌথভাবে সেরা বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং প্রকাশ করলেও ২০১০ সালে আলাদা হয়ে যায় কিউএস। এরপর থেকে এককভাবেই র‌্যাংকিং প্রকাশ করে আসছে তারা। কিউএসের প্রকাশিত সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকাকে বিশ্বব্যাপী সবচেয়ে গ্রহণযোগ্য র‌্যাংকিংগুলোর একটি মনে করা হয়। এ র‌্যাংকিংয়ে এখন আটটি সূচকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মান নিরূপণ করা হয়। প্রতিটি সূচকে ১০০ করে স্কোর থাকে। সব সূচকের যোগফলের গড়ের ভিত্তিতে সামগ্রিক স্কোর নির্ধারিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত