টাইমস ম্যাগাজিনের বর্ষসেরা ক্রীড়াবিদ মেসি

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:২৬ পিএম

যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইমস ম্যাগাজিন ২০২৩ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে লিওনেল মেসির নাম ঘোষণা করেছে। দেশটির মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিকে প্রথম আসরেই সাফল্যের মুখ দেখিয়েছেন মেসি। ক্লাবটির ইতিহাসে প্রথম কোনো ট্রফি এসেছে এই আর্জেন্টাইন কিংবদন্তির বদৌলতে। মেসি যোগ দেওয়ার পর দারুণ ফুটবল খেলা ইন্টার মায়ামি এবারের লিগস কাপ শিরোপা জেতে।

এছাড়া মায়ামিকে তিনি ইউএস ওপেন কাপের ফাইনালেও তুলেছিলেন। যদিও শেষ হাসি হাসা হয়নি ভাইস সিটিদের। এ মৌসুমে যোগ দেওয়া কোচ টাটা মার্তিনোর অধীনে ১১ ম্যাচে ১৪টি গোল করেন মেসি। এমএলএসের প্লে-অফে খেলার অসম্ভব সম্ভাবনাকেও প্রায় সম্ভব করে তুলেছিলেন তিনি। সঙ্গে স্বপ্নপূরণ হওয়া বিশ্বকাপ জয়তো রয়েছেই। এতো সব কীর্তির জন্যই তাকে বর্ষসেরা অ্যাথলেট ঘোষণা করেছে টাইমস।

টাইমস ম্যাগাজিনের প্রচ্ছদ

টাইমস ম্যাগাজিন কর্তৃপক্ষ মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে । লিওনেল মেসির আন্তর্জাতিক ও ক্লাব পর্যায়ের কীর্তির প্রশংসা করেছে সাময়িকীটি। গত জুনে ফ্রান্সের ক্লাব পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দেন আলবিসেলিস্তে অধিনায়ক। হারের বৃত্তে ঘুরতে মায়ামির ভাগ্য বদলে যায় তাতেই। একের পর এক জয় তুলে নেয় ক্লাবটি। জাতীয় দল ও ক্লাবের হয়ে শিরোপা জয়ের পর গত নভেম্বরে অষ্টম ব্যালন ডি’অরও ওঠে মেসির হাতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত