হবিগঞ্জে পেঁয়াজ বিক্রি হচ্ছে নতুন নিয়মে

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৭:১০ পিএম

হবিগঞ্জে পেঁয়াজ এক কেজির বেশি কেউ কিনতে পারবেন না। খুচরা বিক্রিতে এমন নিষেধাজ্ঞা দিয়েছে হবিগঞ্জের জেলা প্রশাসন। পেঁয়াজের দর বেড়ে যাওয়ায় এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানা গেছে। গতকাল রবিবার (১০ ডিসেম্বর) বিকেলে এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সূত্র জানায়, 'ব্যবসায়ী নেতাদের সঙ্গে সভায় আলোচনা করে সিদ্ধান্ত হয়। সভায় বলা হয় যে, বর্তমান সংকট মুহুর্তের আগে যে পেঁয়াজ মজুত ছিল তা পাইকারি বিক্রি হবে ১২০ টাকায়, খুচরা বিক্রি হবে ১২৫ টাকা দরে। সভায় সিদ্ধান্ত হয় পাইকারি ব্যবসায়ী একসঙ্গে ২ বস্তা এবং খুচরা ব্যবসায়ীদের ক্ষেত্রে  ১ কেজির বেশি বিক্রি করতে পারবে না। অর্থাৎ একজন খুচরা ক্রেতা ১ কেজির বেশি পেঁয়াজ কিনতে পারবে না।'

এ ব্যাপারে জেলা প্রশাসক দেবী চন্দ বলেন, এ সিদ্ধান্ত সংকটকালীন সময়ের জন্য নেয়া হয়েছে। কোনো বিশেষ প্রয়োজনে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্তদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় পেঁয়াজ ক্রয় করতে পারবেন। তিনি এতে সাধারণ ক্রেতাদের কোনো হয়রানি হবে বলে মনে করি না। বাজার স্থিতিশীল থাকবে। কেউ অবৈধভাবে মজুদ করতে পারবে না।

এ ধরনের সিদ্ধান্ত ভোক্তা অধিকার খর্ব করে কিনা জানতে চাইলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচারক দেবানন্দ সিন্হা বলেন, জেলা প্রশাসক যে সিদ্ধান্ত নিয়েছেন, তা জেনে বুঝে নিয়েছেন।

এদিকে কনজ্যুমার এসোশিয়েশন বাংলাদেশের (ক্যাব) সভাপতি ড. মো. আবু তাহের বলেন, এ ধরনের সিদ্ধান্ত ভোক্তা অধিকারের সম্পূর্ণ পরিপন্থি।

ব্যবসাযীরা জানান, হবিগঞ্জের বাজারে প্রতিদিন ৩০ মেট্রিক টন পেঁয়াজের চাহিদা রয়েছে।

রবিবারের সভার সিদ্ধান্ত বাস্তবায়নে সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজারে নির্ধারিত মূল্যে এবং নির্দিষ্ট পরিমান পেঁয়াজ বিক্রি হচ্ছে কি না তা মনিটরিং করছেন।

এদিকে হবিগঞ্জ শহরের পেয়াজ পাইকারি বিক্রেতা আতাউর রহমান জানান, ইতোমধ্যে তার প্রতিষ্ঠান থেকে ভারতীয় ১৩০ বস্তা পেয়াজ ১২০ টাকা দরে বিক্রি হয়ে গেছে।

খুচরা বিক্রেতা এনাম বলেন ১৬০ টাকা দরে কেনা পেয়াজ ১২৫ টাকা বিক্রি করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত