‘মোবারক’ প্রিয় চরিত্রগুলোর মধ্যে অন্যতম: মোশাররফ করিম 

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৩ পিএম

নতুন সিরিজ নিয়ে পর্দায় হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ‘মোবারকনামা’ শিরোনামের এই সিরিজটি আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে। সিরিজে মোশাররফ করিম তার অভিব্যক্তি, বুদ্ধিমত্তা এবং বহুমুখী চরিত্রে অভিনয়ের পারদর্শিতাকে অসাধারণ ভাবে কাজে লাগিয়ে মোবারক চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন, যা স্ট্রিমিং জগতে একটি নতুন মাত্রা যোগ করবে বলে জানিয়েছে হইচই কর্তৃপক্ষ।

তারা আরও জানায়, মোশাররফ করিম তার প্রতিটি চরিত্রকে যেভাবে ভিন্ন ভিন্ন মাত্রা দেন তা সত্যি অতুলনীয়। মোবারক চরিত্রটিতে তার অভিনয় তাকে অন্য এক উচ্চতায় নিয়ে যাবে। সম্প্রতি মুক্তি পেয়েছে গোলাম সোহরাব দোদুল পরিচালিত এই সিরিজের ট্রেইলার। 

মোশাররফ করিম বলেন, পর্দায় এখন পর্যন্ত আমার অভিনীত প্রিয় চরিত্রগুলোর মধ্যে মোবারক চরিত্রটি অন্যতম। দর্শকদের ভালোবাসা, ইতিবাচক প্রতিক্রিয়া ও প্রশংসা আমার এবং পুরো মোবারকনামা টিমের জন্য অনেক ভালো লাগার একটা বিষয়। দর্শকরা সাধারণত আমাকে যেভাবে দেখে অভ্যস্ত তার চেয়ে খুব আলাদা একটি চরিত্র এটি আর ট্রেইলারটি তার এক ঝলকমাত্র। যদিও মোবারকনামা স্ট্রিমিংয়ের আগে আমি খুব বেশি কিছু প্রকাশ করতে পারি না, তবে আমি এইটুকু বলতে পারি যে দর্শকরা মোবারকের গল্পটি, যেভাবে উন্মোচিত হবে তা পছন্দ করবে এবং এমন চরিত্র ভবিষ্যতে আরও দেখতে চাইবে। আমরা সবসময় দর্শকের জন্য কাজ করে যাই, কাজটা তাদের ভালো লাগলেই কাজ করাটা সার্থক হয়।

পরিচালক বলেন, মোবারক একসময়ের অত্যন্ত সফল আইনজীবী যিনি অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন কিন্তু হঠাৎ একটি চাঞ্চল্যকর ঘটনা তাকে কাঁপিয়ে দেয়। ঘটনাটি তাকে এমনভাবে প্রভাবিত করে যে এই ধরনের মামলায় তার পরাজয় নিশ্চিত তা জেনেও তিনি আইনজীবী হয়ে আবারও আদালতে ফিরে আসেন।

গোলাম সোহরাব দোদুল আরও বলেন, ‘আমি এক বছরেরও বেশি সময় ধরে মোবারকনামার কনসেপ্ট নিয়ে কাজ করেছি। আমি এই প্রজেক্টটি নিয়ে খুবই এক্সসাইটেড। এই সিরিজের মাধ্যমে আমি কারো আচরণ সংশোধন করতে চাই না বা সমাজকে শেখাতে চাই না কিভাবে কি করা উচিত। আমি শুধু দেখাতে চাই যে কীভাবে একই ইস্যুতে পুরুষ এবং নারীদেরকে আলাদাভাবে আচরণ করা হয়। আমি আন্তরিকভাবে আশা করি যে দর্শকরা সিরিজটি পছন্দ করবে।

‘মোবারকনামা’য় আরও অভিনয় করেছেন নওরিন হাসান খান জেনি, শাহনাজ সুমি, সৈয়দ জামান শাওন, শবনম ফারিয়া, সামিয়া অথৈ, অ্যাঞ্জেল নূর, শেখ উজ্জ্বল হোসেন, শিল্পী সরকার অপু, সমু চৌধুরী, নুজহাত ইসলাম ফিমা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত