সপ্তাহখানেক আগেই নাদিম ইনস্টাগ্রামে 'সুন জারা' এবং 'অ্যায় খুদা' উভয়ের ক্লিপ শেয়ার করেছিলেন। এবং দাবি করেছিলেন যে, তাঁর গাওয়া গান কপি করা হয়েছে টি সিরিজের তরফে সোনুর গাওয়া গান। নাদিমের অভিযোগের জবাবও দেন সোনু সকলের সামনে।
চলতি মাসের শুরুতে টি-সিরিজে উন্মুক্ত হয়েছিল সনু নিগমের নতুন গান ‘সুন জারা’। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই বিতর্কে জড়ায় এই গান। পাকিস্তানি গায়ক ওমর নাদিম দাবি করেন, সনুর গাওয়া গানটি ‘অ্যায় খুদা’-র থেকে কপি করা। যা ২০০৯ সালে প্রকাশিত হয়েছিল।
শুধু তাই নয়, নাদিম নির্মাতাদের উদ্দেশে প্রশ্ন তোলেন কেন ‘সুন জারা’-তে তাকে কোনও কৃতিত্ব দেওয়া হয়নি। অন্যদিকে, নাদিমের পোস্ট নজরে আসার পর সনু দাবি করেন, এই গান নিয়ে নাদিমের সংস্করণ সম্পর্কে কোনো ধারণাই ছিল না তার। নিজের অজান্তে গান গাওয়ার জন্য পাকিস্তানি গায়কের কাছে ক্ষমাও চেয়েছেন ভারতীয় গায়ক।
সপ্তাহখানেক আগেই নাদিম ইনস্টাগ্রামে ‘সুন জারা’ এবং ‘অ্যায় খুদা’ উভয়ের ক্লিপ শেয়ার করে লিখেছিলেন, ‘আমি আমার জীবনের এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে এই জিনিসগুলিকে কম গুরুত্ব দেওয়া সম্ভব নয়। আরে আপনি যদি এটি ব্যবহারই করেছেন তাহলে অন্তত ওজি (অরিজিনাল) ট্র্যাকে ক্রেডিটটা দিন। আমিও সনুর বড় ভক্ত। তবে একটু বাস্তবের পথে হাঁটুন। এটি আসল চুক্তি থেকে অনেক দূরে।’
এরপর নাদিমের পোস্টে এসে ক্ষমা চান সনু নিগম। অনিচ্ছাকৃতভাবে তিনি পাকিস্তানের গায়কের গাওয়া গান গেয়েছেন বলেও জানান। সনু মন্তব্য করেন, ‘আপনারা যেমন জানেন, এই গানের পিছনে আমার কোনও হাত নেই। আমাকে এই গানটি গাওয়ার অনুরোধ জানিয়েছিলেন কেআরকে, যিনি দুবাইতে আমার প্রতিবেশী। আমি ওকে ফেরাতে পারিনি। যদিও আমি সবার জন্য গান গাই না।’
শুধু তাই নয়, নাদিমের গাওয়া গানের প্রশংসা করে সনু লিখেন, ‘আপনি আমার থেকে ভালো গান গেয়েছেন। আমি ক্ষমা চাইছি যে আপনার গাওয়া গানটা আমি শুনিনি। আরও ভালো করুন। আশা করি আপনি এই গানের জন্য আরও অনেক বেশি সম্মান পাবেন।’
এরপর সনুর মন্তব্যের জবাবে নাদিম লেখেন, ‘আমি আমার বক্তব্যে কোথাও উল্লেখ করিনি যে আপনি এটি করেছেন। খবরটি বরাবরের মতোই ভিন্ন মোড় নিয়েছে। আমি আপনার গান শুনে বড় হয়েছি এবং আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি আপনার বিশাল ভক্ত। আপনাকে অনেক ভালোবাসি!’
নাদিম আরও লিখেছেন যে, এই ঘটনার জন্য যারা দায়ী, তারা কখনোই মেনে নেবে না বা বুঝবে না তারা কী ভুল করেছে। ‘নাটকের সঙ্গে জড়িত প্রকৃত চরিত্রগুলি আমার রাডারেও নেই। তাদের উল্লেখ করা একটি গোল্ডফিশকে কোয়ান্টাম ফিজিক্সের উপর বক্তৃতা দেওয়ার মত হবে – অর্থহীন। আমি কেবল সেই বিষয়গুলিতে ফোকাস রাখব যা আসলে গুরুত্বপূর্ণ।’
সবশেষে সনুর উদ্দেশে নাদিম লেখেন, ‘আপনার কাছ থেকে এই বার্তা আসা আমার কাছে অনেক অর্থবান! এই মুহূর্তে পৃথিবীতে আপনার চেয়ে বেশি সুরেলা বা বহুমুখী গায়ক আর নেই। অসীম শ্রদ্ধা!’
