ফাইনালে উঠতে বাংলাদেশের সামনে লক্ষ্য ১৮৯ রানের

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৪ পিএম

ম্যাচের দ্বিতীয় বলে প্রতিপক্ষ শিবিরে ছোবল দিলেন মারুফ মৃধা। পরে দ্রুত আরও দুই উইকেট তুলে নিয়ে ভারতকে চেপে ধরলেন এই পেসার। রোহানাত বর্ষণ ও পারভেজ জীবনও বল হাতে রাখলেন গুরুত্বপূর্ণ অবদান। একশর আগে ৬ উইকেট হারানো ভারতকে দুইশর আগে গুটিয়ে দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করল বাংলাদেশের যুবারা।

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রতিপক্ষকে ১৮৮ রানে থামিয়ে ফাইনালে জায়গা করে নেওয়ার পথে এক ধাপ এগিয়ে গেল দলটি। এখন বাকি কাজ করতে হবে ব্যাটসম্যানদের।

ভারতকে অল্পতে আটকে রাখার পথে ৪১ রান দিয়ে ৪ উইকেট নেন মারুফ। দুটি করে প্রাপ্তি বর্ষণ ও জীবনের।

৬১ রানে ৬ উইকেট হারানো ভারত দেড়শ পার করে মুশির আহমেদ ও মুরুগান অভিষেকের ব্যাটে। দুইজনেই করেন ফিফটি। সপ্তম উইকেটে ১০৮ বলে ৮৪ রানের জুটি গড়েন তারা। ৩ চারে ৫০ রান করেন মুশির। ২ ছক্কা ও ৬ চারে ৬২ রান আসে মুরুগানের ব্যাট থেকে।

আদর্শ সিংকে এলবিডব্লিউ করে উইকেট শিকার শুরু করেন মারুফ। নিজের পরের ওভারে তিনি ফিরিয়ে দেন আরশিন আতুল কুলকার্নি। পাওয়ার প্লেতে তার আরেক শিকার ভারত অধিনায়ক উদয় শাহারান।

শাচিন দাসকে ফেরানোর পর প্রিয়াংশু মলিয়ার সাজঘরে পাঠান বর্ষণ। ওই ওভারেই আরভেলি আভানিশ হন রান আউট। চরম বিপর্যয়ে পড়া ভারতকে টানেন মুশির ও মুরুগান। মুশিরকে ফিরিয়ে তাদের প্রতিরোধ ভাঙেন মাহফুজুর রহমান রাব্বি। শেষ দিকে দুই উইকেট নিয়ে ভারতকে গুটিয়ে দেন জীবন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত