‘সমাবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত জনগণ মানবে না’

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৪:৩২ পিএম

খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী বলেছেন, ‘সংবিধান জনগণকে কথা বলার অধিকার দিয়েছে, মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছে। কিন্তু সে কথা বলার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। সভা-সমাবেশের অনুমতি না দেওয়া বিষয়ক নির্বাচন কমিশনের এখতিয়ার বহির্ভূত সিদ্ধান্ত জনগণ মানবে না।’

আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) খেলাফত মজলিস ঢাকা মহানগরীর বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একতরফা তফসিল বাতিল করে দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আজ বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেইট হতে মিছিল শুরু হয়ে পল্টন মোড়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে দলটির আমির বলেন, ‘জনগণকে গৃহবন্দি করে, রাজনৈতিক নেতাদের জেলে পুরে, সাজা দিয়ে যেনতেনভাবে নির্বাচন করতে চায় সরকার। জনগণের দাবি উপেক্ষা করে কোনো নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না।’

খেলাফত মজলিসের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, অ্যাডভোকেট শায়খুল ইসলাম, সাইফ উদ্দিন আহমদ খন্দকার, হাজী নুর হোসেন, আবুল হোসেন, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক, আমির আলী হাওলাদার, হুমায়ুন কবির আজাদ, এনামুল হক হাসান, এডভোকেট সানাউল্লাহ, গিয়াস উদ্দিন, মহিউদ্দিন জামিল, মাওলানা কাউসার আহমদ সোহাইল, নুর মুহাম্মদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত