আ.লীগ-জাপার ‘প্রেমের আলাপন’ প্রকাশ করতে চান না চুন্নু

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৪১ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শাসকদল আওয়ামী লীগ ও তাদের দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত সংসদের বিরোধী দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে দফায় দফায় বৈঠক চলছে। জাতীয় পার্টির চাওয়া ৫০ আসন হলেও শাসকদল ২৬টির বেশি আসন দিতে রাজি হয়নি।

কয়েকদফা বৈঠক শেষেও তাদের মধ্যে চূড়ান্ত সমঝোতা হয়নি। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু দেশ রূপান্তরকে বলেন, একটা অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন কীভাবে আয়োজন করা যায় সে বিষয়ে আমাদের বৈঠক চলছে। এরকম বৈঠক ৭তারিখ পর্যন্ত চলবে। আমরা একটা দৃষ্টান্ত রাখতে চাই, নির্বাচনে আমরা প্রতিযোগিতা করব। নির্বাচন সুষ্ঠু করার জন্য দুই দলের প্রয়োজনে আমরা মাঝে মাঝে বসব।'

শেষ পর্যন্ত কত আসন পেয়ে নির্বাচনে যাচ্ছেন এমন এক প্রশ্নে জাপা মহাসচিব বলেন, আমাদের বৈঠকে নানা বিষয়ে আলোচনা চলছে, সেখানে আসনের বিষয়টি ওঠে আসছে। এর বেশি বলা যাবে না। এই বৈঠককে প্রেমের উপমা দিয়ে জাপা মহাসচিব বলেন, লুকিয়ে লুকিয়ে প্রেমের চিঠি লিখব, এটা কি বাবা-মাকে প্রথমে বলা যায়? আত্মীয়- স্বজনকে বলা যায়? বলা যায় না। পরে যখন হয়ে যায়, তখন বলা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত