মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি দাবি করেছে, জান্তাকে হটিয়ে পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইন দখলে নিয়েছে তারা। শুধু তা-ই নয়, রাখাইনের ১৭টি শহরের মধ্যে অন্তত ১৫টি, প্রতিবেশী চিন রাজ্যের পালেতওয়া শহরের দখল পুনরুদ্ধার এবং দুই রাজ্যে সেনাবাহিনীর ১৪২টি সামরিক চৌকিও তাদের দখলে। থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতির প্রতিবেদনে এ খবর দেওয়া হয়।
এদিকে রাখাইন ছাড়াও মিয়ানমারের চীন এবং ভারত সীমান্ত ঘেঁষা একাধিক রাজ্যের বেশিরভাগ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে সামরিক বাহিনীর সঙ্গে লড়াইরত সেখানকার বিদ্রোহী গোষ্ঠীগুলো। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় স্যাগাইং অঞ্চলের খামপাত শহরের দখলও তাদের হাতে। শহরটির নিয়ন্ত্রণ ফিরে পেতে গত ১০ ডিসেম্বর থেকে সেনাবাহিনীর লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ২২৮ ও ৩৯১-এর প্রায় ২০০ সৈন্য লড়াই করছে।
ইরাবতির প্রতিবেদনে আরও বলা হয়, উত্তর রাখাইনের ম্রাউক ইউ, পাকতাও ও মংডু শহরে এবং দক্ষিণ চিনের পালেতওয়াতে সামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ চলছে। বুধবার ম্রাউক ইউ শহরের কোয়ে থাউং গির্জার কাছে আরাকান আর্মি ও সামরিক বাহিনীর মাঝে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এই সংঘাতে জান্তার ব্যাপক সংখ্যক সদস্যের প্রাণহানি ঘটে। পরে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় জান্তা।
রাখাইনের ম্রাউক ইউ শহরের বাসিন্দারা বলছেন, পায়ার ওয়াক, ইওয়ার হং তাও, পিপিন কোন ও মং থার গ্রামে সামরিক বাহিনীর বিমান থেকে হামলা চালানো হয়েছে। স্থানীয় একজন বাসিন্দা বলেছেন, বিমান হামলায় কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি। তবে কিছু বাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান ও গির্জার ক্ষয়ক্ষতি হয়েছে।
ইরাবতি বলছে, চলতি সপ্তাহে মংডু এবং পাকতাও শহরে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। একই সঙ্গে পালেতওয়ায় জান্তার একটি প্রধান ঘাঁটিতে টানা হামলা চালিয়ে যাচ্ছে আরাকান আর্মি।
মঙ্গলবার পালেতওয়া শহরের প্রায় ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে সিনলেৎওয়ার একটি ফাঁড়িতে হামলা চালায় বিদ্রোহীরা। পালেতওয়ার একজন বাসিন্দা বলেছেন, সিনলেৎওয়ার গ্রামের বাসিন্দারা জঙ্গলে পালিয়ে গেছেন। ওই এলাকায় ফোন এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
আরাকান আর্মির দেওয়া তথ্য অনুযায়ী, জান্তার বিরুদ্ধে চূড়ান্ত লড়াই শুরুর পর গত ১৩ নভেম্বর থেকে এ পর্যন্ত রাখাইনের কমপক্ষে ৩০০ বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোম ও মঙ্গলবার সিত্তে, মিনবিয়া, কিয়াউকতাও, ম্রাউক ইউ এবং পাকতাও শহরের অন্তত ৬০ বাসিন্দাকে আটক করেছে জান্তা।
