দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে আবেদন করেছেন ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক ও বরিশাল-৪ আসনের শাম্মী আহমেদ।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার আদালতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তারা এ আবেদন করেছেন। তাদের আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল সোমবার ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ তার রিট খারিজ করেন।
প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের করা রিটটিও খারিজ করে দেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, গত ১৫ ডিসেম্বর দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রার্থিতা বাতিল হয় এই দুই হেভিওয়েট আওয়ামী লীগ প্রার্থীর।
