গাজায় ত্রাণ সরবরাহের জন্য যুদ্ধ বন্ধের লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটি মঙ্গলবার (১৯ ডিসেম্বর) টানা দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়েছে। এর আগে সোমবার (১৮ ডিসেম্বর) প্রথম দফায় ভোটাভুটি স্থগিত করা হয়।বুধবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র এখনও এই খসড়া প্রস্তাবে বিষয়ে আশ্বস্ত নয়, মঙ্গলবার দিনের শেষের দিকে এই ভোট হওয়ার কথা ছিল। তবে স্থগিত হওয়ার পর এখন বুধবার (২০ ডিসেম্বর) নিরাপত্তা পরিষদের সদস্যরা খসড়া প্রস্তাবের ওপর ভোট দেবেন।
সংযুক্ত আরব আমিরাতের উত্থাপিত এই প্রস্তাবে বলা হয়েছে, ‘গাজায় তাৎক্ষণিকভাবে সব হামলা বন্ধ করতে হবে, বন্দিদের বিনা শর্তে মুক্তি দিতে হবে এবং গাজার সাধারণ মানুষের কাছে বিপুল ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।’
এর আগে, গত ৮ ডিসেম্বর গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি নিয়ে তোলা অন্য একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে আটকে যায়।
এছাড়া নতুন খসড়া প্রস্তাব নিয়ে সব ধরনের অচলাবস্থা কাটাতে রবিবার (১৭ ডিসেম্বর) দীর্ঘ সময় ধরে আলোচনাও করেন নেতারা।
এদিকে গাজায় ইসরাইলি হামলায় সাড়ে ১৯ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে প্রায় ১৩ হাজারই নারী ও শিশু।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে মঙ্গলবার পর্যন্ত ইসরাইলি বাহিনীর হামলায় গাজায় মোট নিহত হয়েছেন ১৯ হাজার ৬৬৭ জন।
