উত্তরের শীতপ্রবণ জেলা পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১০ দশমিক ১ ডিগ্রিতে। এছাড়াও গত কয়েকদিনের তুলনায় বেড়েছে শৈত্যপ্রবাহ। আজ বুধবার (২০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।
তিনি জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি। গত কয়েকদিন তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে । তবে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। তাপমাত্রা কমে আসায় অনুভূত হচ্ছে হাড়কাঁপানো কনকনে শীত। সামনে তাপমাত্রা কমার আশঙ্কা করেন তিনি।
সরজমিন দেখা গেছে, ভোর হতে সকাল ৯টা পর্যন্ত তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই সকাল সাড়ে ৭টা থেকে কাজে বেরিয়ে পড়ে এ অঞ্চলের পাথর শ্রমিক, চা শ্রমিক, রিকশা-ভ্যানচালকরা।
জেলা প্রশাসক জহুরুল ইসলাম জানান, এ পর্যন্ত ২০ হাজার কম্বল বরাদ্দ এসেছে। প্রতিবছর এ জেলায় শীত বেশি থাকে। এবারও শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে শীতবস্ত্র চেয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।
