সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক বিএনপির

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০১:৫২ পিএম

নির্বাচন বাতিল এবং সরকার পতনের একদফা দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে এক ভার্চ্যুয়ালী প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে রিজভী বলেন, যে অবৈধ সরকার জনমতের বিরুদ্ধে নির্বাচনের নামে তামাশা করতে যাচ্ছে- সেই সরকারকে সহযোগিতা করা কোন দেশপ্রেমিক গণতন্ত্রকামী নাগরিকের জন্য উচিত হতে পারেনা বলেই আমরা আজ এই মুহুর্ত থেকে এই অবৈধ সরকারকে অসহযোগীতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ৭ জানুয়ারি ডামী ভোটের খেলা বর্জন, ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরতি থাকা, সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল ও অন্যান্য প্রদেয় স্থগিত রাখার আহ্বান জানান। ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম বিধায় জনগণকে ব্যাংকে লেনদেন যথাসম্ভব এড়িয়ে চলারও আহ্বান জানান তিনি। 

পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবী মামলায় অভিযুক্তগণ মামলায় হাজিরা দেয়া থেকে বিরত থাকার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান। 

এর আগে দুপুর ১২ টার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুক লাইভে এসে অসহযোগ আন্দোলন সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত