আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আধিক্য না থাকায় নির্বাচনে ‘মজা’ খুঁজে পাচ্ছেন না ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর। তিনি বলেছেন, ‘এবারকার নির্বাচন কোনো নির্বাচন নয়। শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলে, ভালো খেলোয়াড় না থাকলে, উভয়পক্ষের মিছিল-মিটিং না থাকলে নির্বাচনে কোনো মজা নাই।’
আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে রাজাপুর ফাজিল মাদ্রাসা মাঠে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন। এর আগে গত ২৯ নভেম্বর ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেও শাহজাহান ওমরের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের কোনো বৈঠক হয়নি।
আজকের সভায় শাহজাহান ওমর বলেন, ‘আমি আপনাদের দলের কনিষ্ঠ সদস্য। আমি ও আমার কর্মীদের আপনাদের একটা ছোট রুমের এক কোণে জায়গা দেবেন। আপনাদের সঙ্গে এক হয়ে দলকে আরও সমৃদ্ধ করতে চাই। রাজনীতিতে হৃদয়টা একটু বড় করতে হবে।’
তিনি বলেন, ‘এই নির্বাচন শেষ না, আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যতটুকু দেখেছি তিনি আরও দুই বার দেশের প্রধানমন্ত্রী হবেন। সেই মনের জোর, সেই সাহস তার মধ্যে আমি দেখেছি।’ এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে উদ্দেশ্য করে শাহজাহান ওমর বলেন, ‘উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড থেকে বিএনপির যে সব নেতাকর্মী আসতে চায় তাদের বরণ করে নেবেন যাতে দল আরও শক্তিশালী হয়।’
সভায় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, সিনিয়র সহ-সভাপতি আফরোজা আক্তার লাইজু, সাধারণ সম্পাদক মো. জিয়া হায়দার খান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম স্বপন, উপজেলা যুবলীগের সভাপতি মো. আসলাম হোসেন মৃধা, সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. পারভেজ বাবু, সাধারণ সম্পাদক মো. ফয়সাল মৃধা, ছয় ইউনিয়ন চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একই দিন বিকাল ৩টায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যদের নিয়ে নিজ বাসভবনে মতবিনিময় করেন শাহজাহান ওমর। এতে উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহ আলম নান্নু, মো. নুরুল ইসলাম ফলিফা প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে শাহজাহান ওমরের সঙ্গে রাজাপুর আওয়ামী লীগের যে বিরোধ ছিল তা সমাধান করে দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। গতকাল বুধবার রাতে বরিশাল বগুড়া রোডের বাড়িতে দুই উপজেলার দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন আমির হোসেন আমু। এ সময় তিনি সবার সঙ্গে শাহজাহান ওমরের পরিচয় করিয়ে দেন এবং নেতাকর্মীরা তার সঙ্গে কুশল বিনিময় করেন।
