বায়ুদূষণে সম্প্রতি নিয়মিত এক দুই বা তিনে থাকা ঢাকার বাতাস আজ ভয়াবহ রকমের খারাপ। আজ ঢাকার একিউআই স্কোর অবিশ্বস্যরকম বেশি। অথচ আজ ছুটির দিন। হালকা শীত থাকায় সকাল থেকে রাস্তায় লোকচলাচলও যথেষ্ট কম। তবুও আজ ঢাকার একিউআই স্কোর শুনলে আপনি চমকে যাবেন!
আজ শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় বায়ুমান সূচক একিউআই-এ ৪৩৯ স্কোর নিয়ে ঢাকার অবস্থান শীর্ষে।
আজ ৩২৫ স্কোর নিয়ে দ্বিতীয়তে আছে ‘ঝুঁকিপূর্ণ’ ভারতের দিল্লি। তৃতীয়তে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ২৭৯। আর ২০৮ স্কোর নিয়ে তালিকায় চতুর্থ স্থানে উজবেকিস্তানের তাশকেন্ত। পঞ্চম স্থানে আছে পাকিন্তানের আরেক শহর করাচি, স্কোর ১৯০।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
