রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চর হনুমন্তনগর এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন গোদাগাড়ী উপজেলার চর কানাপাড়া এলাকার শুকুদ্দির ছেলে কাওসার আলী (১৮) ও আতিকুল ইসলামের ছেলে মোশাররফ হোসেন (১৯)।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, ১৯ ডিসেম্বর চোরাপথে এই দুজনসহ আরও সাত থেকে আটজন ভারতের চেন্নাইয়ে কৃষিকাজ করতে যাওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেয়ে বিএসএফ তাদের ধাওয়া দিলে বাকিরা পালিয়ে আসে। এরপর থেকে তাদের দুজনকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, তবে তারা কিভাবে মারা গেছে সে বিষয়ে এখনো স্পষ্ট ধারণা পাওয়া য্য়নি। মরদেহ দুটির সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য ইতিমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
