এক বছরেরও বেশি সময় ধরে টি-টোয়েন্টিতে অনুপস্থিত রোহিত শর্মা। একেক সিরিজে তাই আলাদা আলাদা অধিনায়ক দিয়ে পরখ করছে ভারত। তবে আগামী মাসেই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ফিরতে পারেন রোহিত। সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার চোটে ১৪ মাস পর আফগানিস্তান সিরিজে নেতৃত্ব দিতে পারেন নিয়মিত অধিনায়কই।
আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেখানেই ফিরতে বলা হতে পারে তাকে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৩৬ বছর বয়সী রোহিত মোহালি, ইন্দোর ও ব্যাঙ্গালোরে অনুষ্ঠিতব্য আফগানিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরতে পারেন।
এমনিতেও টি-টোয়েন্টিতে রোহিতের ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনা চলছে। গত বছরের নভেম্বরে অ্যাডিলেডে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ভারতীয় এই অধিনায়ক।
এদিকে জোহেনসবার্গের ম্যাচে ফিল্ডিংয়ের সময় গোড়ালি মোচকে যায় সূর্যের। সেই চোটই ভোগাচ্ছে তাকে। চোটের যা অবস্থা তা সারাতে অন্তত ৬ সপ্তাহ সময় লাগবে। বিসিসিআই সূত্রের খবর, বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিপোর্ট করেছেন সূর্যকুমার।
সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, ভারতীয় ব্যাটারের চোটের অবস্থা ভাল নয়। তিন সপ্তাহের মধ্যে শুরু হওয়া আফগানিস্তান সিরিজে তাই খেলার সম্ভাবনা কম। ধারণা করা হচ্ছে, ফেব্রুয়ারির মধ্যেই ফিট হয়ে যাবেন সূর্য। এছাড়া পান্ডিয়ারও এখনই ক্রিকেটে ফেরার সম্ভাবনা কম।
