আফগানিস্তানের রাজধানী কাবুলে চুরি-ডাকাতির মতো অপরাধ বেড়েই চলেছে। এসব ঘটনায় নিরাপত্তা সংস্থার কাছে অভিযোগ করলেও সুফল পাচ্ছেন না কাবুলের বাসিন্দারা। ফলে উদ্বিগ্ন হয়েই কাটছে তাদের জীবন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টোলোনিউজ।
কাবুলের বাসিন্দা মিলাদ জানান, চার মাস আগে তাইমানি এলাকা থেকে তার প্রাইভেটকার চুরি করে নিয়ে যায় সশস্ত্র ডাকাতের দল। এই সময়ের মধ্যে তিনি একাধিকবার নিরাপত্তা সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু তার গাড়ি সম্পর্কে কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
তিনি বলেন, আমি ঘরের ভেতর কাজ করছিলাম। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাড়ির ইঞ্জিন চালুর শব্দ শুনি। পরে বাইরে গিয়ে দেখি গাড়ির ভেতর অন্য কেউ আছে। এরপর তারা গাড়িটি চুরি করে নিয়ে যায়।
কাবুলের কয়েকজন বাসিন্দা বলেছেন, সাম্প্রতিক মাসগুলোয় শহরটিতে গাড়ি চুরির মাত্রা বেড়েছে। আহমাদ নাভিদ নিকজাদ নামে এক ব্যক্তি বলেন, সম্প্রতি যে অপরাধ হচ্ছে এর মধ্যে গাড়ি চুরি, মোবাইল ফোন চুরিই বেশি। তারা মোবাইল ফোনের জন্য একজনকে হত্যাও করেছে।
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি বলেন, আমরা অপরাধীদের পালাতে দিই না। তারা ধরা পড়ে। গত ছয় মাসে সারাদেশে বিভিন্ন অপরাধে প্রায় ৮০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা দেশে ডাকাতি, হত্যা এবং গাড়ি চুরির মতো অপরাধ করছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
