মেসি-সুয়ারেজ জুটি দেখতে মুখিয়ে বেকহ্যাম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০১:৪৭ পিএম

ক্যারিয়ারের শেষটা বার্সেলোনাতেই করতে চেয়েছিলেন লিওনেল মেসি। বহু পরে ক্লাবটিতে যোগ দেওয়া লুইস সুয়ারেজের ইচ্ছেও ছিল এক। মেসির সঙ্গেই ইতি ঘটাতে চেয়েছিলেন। তবে দুজনের পথ দুই ক্লাবে বেকে যাওয়াতে তা অসম্ভব হয়ে উঠেছিল। অবশেষে আর্জেন্টাইন মহাতারকার পর উরুগুয়াইন তারকাকে দলে ভিড়িয়ে ইন্টার মায়ামি যেন সেই পথ প্রশস্ত করে দিয়েছে। আর মাঠে তাদের জুটি দেখার জন্য মুখিয়ে আছেন মেজর লিগ সকারের ক্লাবটির সহ-মালিক ডেভিড বেকহ্যাম।

রবিবার মেসি-সুয়ারেজ প্রসঙ্গে ডেভিড বেকহ্যাম বলেন, ‘সুয়ারেজের মায়ামিতে যোগ দেওয়া পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং মাঠে মেসির সঙ্গে তার জুটি দেখতে মুখিয়ে আছি আমরা। সুয়ারেজ ভীষণ লড়াকু মানসিকতার, তার জয়ের মানসিকতা সবাইকে প্রভাবিত করে।’

এক বছরের চুক্তিতে মায়ামিতে যোগ দেওয়া সুয়ারেজ সবশেষ খেলেছেন গ্রেমিওর হয়ে। ব্রাজিলিয়ান লিগে গত মৌসুমে সেরা খেলোয়াড় ও সেরা স্ট্রাইকারের পুরস্কার তিনি জিতে নেন ৫৩ ম্যাচে ২৬ গোল এবং ১৭টি অ্যাসিস্ট করে।

নতুন ঠিকানা খুঁজে পেয়ে খুশি সুয়ারেজও, ‘ইন্টার মায়ামিতে নতুন চ্যালেঞ্জ নিতে পেরে আমি রোমাঞ্চিত। শুরু করতে আমার তর সইছে না। অসাধারণ এই ক্লাবের হয়ে আরও শিরোপা জয়ের স্বপ্নকে বাস্তবায়ন করতে আমি তৈরি।’

প্রাক-মৌসুমে আগামী ২৯ জানুয়ারি সৌদি ক্লাব আল হিলালের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে মেসি-সুয়ারেজ জুটিকে। যে ক্লাবে আছেন তাদের পুরনো বন্ধু নেইমার। যদিও চোটের কারণে ওই ম্যাচে তার (নেইমার) খেলা হবে না। এছাড়াও আগামী ফেব্রুয়ারির শেষদিকে শুরু হবে মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম। যে ম্যাচে মায়ামির প্রতিপক্ষ রিয়াল সল্ট লেক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত