নাশকতা মামলায় পলাতক থাকা অবস্থায় নৌকার মঞ্চে বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা মতিউর রহমান রাজা। বক্তব্য দেওয়ার পরদিনই আটকা পড়লেন বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের জালে। মামলার হাত থেকে বাঁচতেই বরগুনা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মঞ্চে বক্তব্য দিয়েছিলেন তিনি।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বাওয়ালকার গ্রাম থেকে তাকে পলাতক অবস্থায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম।
এর আগে গতকাল রবিবার বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নে আওয়ামী লীগের প্রচার সভায় নৌকা প্রার্থীকে বিজয়ী করতে বক্তব্য দিয়েছিলেন মতিউর রহমান রাজা। বক্তব্যে, বদরখালী ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট নৌকায় দেয়া হবে, নয়ত চেয়ারম্যান পদ থেকে তিনি অব্যহতি নেবেন; এমন অঙ্গীকারও করেন।
মতিউর রহমান রাজা গত ইউপি নির্বাচনে সদরের বরদখালী ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি জেলা বিএনপির (হালিম-নজরুল কমিটির) কমিটির সদস্য ছিলেন। এছাড়াও বরগুনা জেলা শ্রমিক দলের সভাপতি প্রার্থী ছিলেন মতিউর রহমান রাজা। জেলা বিএনপির একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বরগুনা সদর থানা সূত্রে পাওয়া তথ্যমতে, চলতি বছরের নভেম্বর মাসে সরকার পতনের দাবিতে বিএনপির ডাকা কর্মসূচির অংশ হিসেবে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী এলাকায় রাস্তায় গাছ ফেলে, টায়ার জালিয়ে ও ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ও বিস্ফোরক দ্রব্য আইন এর ৪/৫/৬ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং জিআর ৩৫৪/২৩। ওই মামলায় মতিউর রহমান রাজাকেও আসামি করা হয়েছে। মামলার বাদী বরগুনার সদর থানার এসআই (নিরস্ত্র) মো. আবু হানিফ এসব তথ্য নিশ্চিত করেছেন। আবু হানিফ জানান, বরগুনা সদর থানার এসআই নুরুজ্জামান মামলাটি তদন্ত করছেন।
বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম বলেন, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মতিউর রহমান রাজা বদরখালী ইউনিয়নের বাওয়ালকার এলাকায় অবস্থান করছেন। তাৎক্ষণিক ওই এলাকায় অভিযান চালিয়ে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
এ বিষয়ে বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোজাম্মেল হোসেন বলেন, জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নাশকতা মামলার পলাতক আসামি মতিউর রহমান রাজাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
