ঈশ্বরদীতে ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৮ পিএম

পাবনার ঈশ্বরদীতে ছাত্রলীগ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে ঈশ্বরদী পৌরসভার ৩নং ওয়ার্ডের পিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। 

জানা গেছে, আজ সকালে পিয়ারপুর এলাকায় নৌকার প্রচারণা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। একই সময়ে বিএনপি নেতাকর্মীরা ভোট বর্জনের লিফলেট বিতরণ করতে থাকে। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে তিনটি ককটেল বিস্ফোরণ ও কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। 
 
স্থানীয় দোকানীরা জানান, ঘটনার সময় কয়েক রাউন্ড গুলি বর্ষণ ও ৩টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সভাপতি শৈশব জানান, নৌকার প্রচারণার সময় বিএনপির নেতাকর্মীরা প্রস্তুতি নিয়ে পিয়ারপুরে ছাত্রলীগ অফিসে হামলা চালায়। এ সময় তাকে হত্যার উদ্দেশ্যে কয়েক রাউন্ড গুলি বর্ষণ এবং তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা।

এ বিষয়ে বিএনপির একাধিক নেতার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মনিরুল ইসলাম বলেন, পিয়ারপুর এলাকায় বিএনপির লোকজন ভোট বিরোধী লিফলেট বিতরণ করছিল। এ সময় ছাত্রলীগ নৌকা মার্কার প্রচারণা চালাচ্ছিল। একপর্যায়ে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি বর্ষণ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে পুলিশ ব্যাপক তৎপর রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত