ইরাকে মার্কিন ড্রোন হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তাসহ ১৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এছাড়া হামলায় আহত হয়েছে আরও ১৮ জন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এ হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
যুক্তরাষ্ট্রের এই ড্রোন হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাগদাদ। দেশটির সরকার বলেছে, ইরাকের সার্বভৌমত্বের ওপর এ ধরনের হামলা অগ্রহণযোগ্য। এতে দুই দেশের সম্পর্কের অবনতি হবে।
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র আড্রিয়েন ওয়াটসন জানান, এদিন শিয়া সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর তিনটি স্থাপনাসহ কয়েকটি স্থানে বিমান হামলা চালানো হয়। ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠীর ওই সব স্থাপনা থেকে মার্কিন বাহিনীর ওপর হামলা চালানোর অভিযাগ রয়েছে তাদের।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, সোমবার ইরাকের এরবিল বিমানঘাঁটিতে কাতাইব হিজবুল্লাহর হামলার জবাবে পাল্টা হামলা চালানো হয়েছে। ওইদিন কাতাইব হিজবুল্লাহর হামলায় তিন মার্কিন সেনা আহত হন। আমরা এই অঞ্চলে সংঘাত বাড়াতে চাই না। তবে আমাদের জনগণ এবং অবকাঠামো রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ।
