ঘন কুয়াশায় আচ্ছন্ন দিল্লি, ব্যাহত বিমান চলাচল ও ট্রেনযাত্রা

  • ঘন কুয়াশায় রাজধানী দিল্লিতে রেড এলার্ট সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ
  • রাস্তা ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে 
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০২:৩৮ পিএম

বুধবার সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে ভারতের রাজধানী দিল্লিসহ উত্তরের অন্যান্য অংশের বিস্তীর্ণ এলাকা। কুয়াশার পাশাপাশি রয়েছে তীব্র শীতের ছোবল। ফলে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন।

ঘন কুয়াশায় সামনের কোন কিছু দেখা না যাওয়ায় বিপাকে পড়েছেন ভ্রমণকারীরা। দৃশ্যমানতা কারণে দিল্লি বিমানবন্দর থেকে সময় পরিবর্তন করা হয়েছে অন্তত ১১০টি ফ্লাইটের। এছাড়া দিল্লিগামী ২৫টির মতো ট্রেন বিলম্বে ছেড়েছে বলে জানিয়েছে উত্তরে রেলওয়ে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

উত্তর রেলওয়ে জানায়, অন্তত ২৫টি ট্রেনের সময়সূচি বদলানো হয়েছে। প্রায় সব ট্রেন চালাতে হচ্ছে ধীরগতিতে। এর ফলে কোন ট্রেন কখন গন্তব্যে পৌঁছাবে, তার কোনো নিশ্চয়তা দিতে পারছে না রেল কর্তৃপক্ষ।

শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় ঘন কুয়াশাও থাকতে পারে জানিয়ে রাজধানীতে রেড এলার্ট সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস।

এনডিটিভি জানায়, রাস্তাগুলি কুয়াশায় আচ্ছন্ন থাকায় উত্তরপ্রদেশ জুড়ে বেশ কয়েকটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এ ছাড়া আগ্রা-লখনাউ এক্সপ্রেসওয়েতে একাধিক যানবাহনের সংঘর্ষে ফলে একজন নিহত এবং ১২ জন আহত হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশেও "ঘন থেকে খুব ঘন কুয়াশার" পূর্বাভাস দিয়েছে।

বুধবারকে চলতি শীত মৌসুমের সবচেয়ে কুয়াশাচ্ছন্ন দিন বলে অভিহত করেছে আইএমডি। আজ দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত