ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাবেন ডিন এলগার, ঘোষণাটা দিয়ে রেখেছিলেন আগেই। নিজের বিদায়ী সিরিজের শুরুটা দারুণ এক সেঞ্চুরিতে রাঙালেন দক্ষিণ আফ্রিকার এই ওপেনার।
সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনে ১৪০ বলে ১৯ চারে তিন অংকের উষ্ণ ছোঁয়া পেয়েছেন এলগার। টেস্টে এটি তার চতুর্দশ সেঞ্চুরি।
এত লম্বা হবে এলগারের ক্যারিয়ার, হয়তো তার টেস্ট অভিষেকের পর ভাবেননি অনেকেই। কারণ বাঁহাতি এই ব্যাটসম্যানের টেস্ট ক্যারিয়ার শুরু হয়েছিল 'চশমা' অর্থাৎ জোড়া শূন্য দিয়ে। ২০১২ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে 'পেয়ার'-এর স্বাদ পেয়েছিলেন তিনি।
তবে ঘুরে দাঁড়াতে দেরি করেননি এলগার। তৃতীয় টেস্টেই তুলে নেন সেঞ্চুরি, নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর সময়ের সঙ্গে এগিয়েছে তার ক্যারিয়ার। ক্যারিয়ার সর্বোচ্চ ১৯৯ রান করেছেন তিনি ২০১৭ সালে, বাংলাদেশের বিপক্ষে।
ভারতের বিপক্ষে কেপ টাউন টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দেবেন এলগার। যে সিরিজের শুরুটা হলো তার দারুণ, পেয়েছেন সেঞ্চুরির স্বাদ।
এলগারের ব্যাটে ভর করে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকার ইনিংস। রিপোর্টটি লেখা পর্যন্ত ৪৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ৩ উইকেটে ১৮১। প্রথম ইনিংসে ২৪৫ রান করেছে ভারত।
