টাইগাররা 'উপভোগ করছেন' সিরিজ জয়ের চ্যালেঞ্জ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৩:০৭ পিএম

নেপিয়ারে ওয়ানডের পর টি-টোয়েন্টি জয়ের পর বাংলাদেশ দল এখন মাউন্ট মঙ্গানুইয়ে। সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ এখানেই হওয়ার কথা রয়েছে। যেকোনো একটি জিতলেই সিরিজ জয়ের সুযোগ রয়েছে নাজমুল হোসেন শান্তদের। তবে ক্রিকেটাররা আপাতত সেই চ্যালেঞ্জটা উপভোগ করছেন। 

নেপিয়ার থেকে মঙ্গানুইয়ে পৌঁছে টাইগারদের সহকারী কোচ নিক পোথাস বলেন, 'লম্বা ভ্রমণ হলো। এমন সূচিতে অভ্যস্ত থাকা আন্তর্জাতিক ক্রিকেটারদের দায়িত্ব। আপনি অনুশীলন করছেন কি না তা জরুরি নয়, বিশ্রাম নেয়াটা জরুরি। সবসময় ম্যাচের আগে প্রস্তুতি নিতেই হবে এমন নয়।'

কদিন আগে নেপিয়ারে ইতিহাস গড়ে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে প্রথমবার ওয়ানডেতে হারিয়েছে বাংলাদেশ। এবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে একই ভেন্যুতে আরেকটি প্রথম জয় বাংলাদেশের। নাজমুল হোসেন শান্তদের সামনে সিরিজ জয়ের হাতছানি। 

পোথাস জানালেন সেরা দলের বিপক্ষেই সিরিজ জয়ের সুযোগ, 'বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। ছেলেদের আগের উদ্যোম নিয়েই নামতে হবে। আপনি যে বল মোকাবিলা করছেন শুধু সেটা নিয়েই ভাবতে পারেন। পরের ২ বল কী হবে তা ভাবতে পারবেন না, কারণ ভবিষ্যতের নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। আমরা তাই বর্তমান নিয়েই ভাবছি। আমরা অবশ্যই সেরা ফলাফলটা পেতে চাই। তবে ভুলে যাবেন না তারা বিশ্বের অন্যতম সেরা দল। এই চ্যালেঞ্জটা আমরা উপভোগ করছি।'

পোথাস আরও বলেন, 'আমরা কিন্তু ৫ উইকেটে জিতেছি। টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয় বড় জয়। এই ছেলেরা যদি আগামী ২-৩ বছর খেলতে থাকে তারা দেখিয়ে দিবে তারা কী করতে পারে। একজন ব্যাটার যখন ক্রিজে যায় এটা ভেবে যে এটাই তার শেষ ইনিংস, ব্যাপারটা আতঙ্কের। বোলিংয়ের চেয়ে ভালো ব্যাটিং করা কঠিন। আপনার কাছে সুযোগ একটাই। বোলিংয়ে আপনি একটা খারাপ বল করার পর আরও একটা ভালো বল করে কামব্যাক করতে পারেন। ব্যাটিংয়ে একটাই চান্স। এ কারণে আপনার স্কিল প্রয়োজন।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত