জামালপুরে নৌকার প্রচার কেন্দ্র ভাঙচুর

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৪ পিএম

জামালপুর-৫ (সদর) আসনে নৌকার নির্বাচনী প্রচার কেন্দ্রে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (২৭ডিসেম্বর) মধ্যরাতে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের রাজাপুর এলাকয় নৌকার একটি প্রচার কেন্দ্রে এই ঘটনা ঘটেছে।

নির্বাচনি প্রচার কেন্দ্রের আহ্বায়ক অ্যাডভোকেট সাইম হোসেন জানান, বুধবার রাতে মোটরসাই নিয়ে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর কর্মী সমর্থকরা এলাকায় অবস্থান নেয়।   রাত ২টার পর ঈগল প্রতীকের সমর্থক সৌরভ, বাবুলের নেতৃত্বে বিএনপি-জামাতের নেতাকর্মীরা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের নৌকা প্রতীকের নির্বাচনী প্রচার কেন্দ্রে ভাঙচুর করে। এছাড়াও আগুন দেওয়া হয়। বিষয়টি নৌকার কর্মীরা বুঝতে পেরে আগুন নিভিয়ে ফেলে। এসময় ঈগল প্রতীকের সমর্থকরা পালিয়ে যায়।     

এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, স্বতন্ত্র প্রার্থীর লোকজন এই ধরনের নাশকতার ঘটনা ঘটাচ্ছে। তারা ভীতিকর পরিস্থিতি তৈরি করতে চায়, যেন ভোটাররা ভোটকেন্দ্রে না আসে।

ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু হামলার বিষয়ে সাংবাদিকদের জানান, তারা নিজেদের অফিস নিজেরাই ভাঙচুর, অগ্নিসংযোগ করে আমাদের উপর দোষ চাপাচ্ছে। তারা এসব করে ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করছে, যেন ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে ভয় পায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির জানান, বিষয়টি জেনেছি, অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত