জামালপুরে ব্রহ্মপুত্র তীরে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ২১ মে ২০২৬, ০৬:৪২ পিএম

জামালপুরে নিখোঁজের তিন দিন পর বালিচাপা অবস্থায় এক আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জয়নাল উদ্দিন নয়ন জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ছোট জয়রামপুর গ্রামের মো. জলিল মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে জামালপুর সদর উপজেলার শরিফপুর ফকিরবাড়ি বালুঘাট এলাকার ব্রহ্মপুত্র নদের তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নদের তীরসংলগ্ন বালুঘাট এলাকায় স্থানীয় লোকজন ঘুরতে গিয়ে বালিচাপা অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে তারা ট্রিপল নাইনে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ সময় নিহতের মা জবেদা বেগম মরদেহ দেখে সেটি তার ছেলে নয়নের বলে শনাক্ত করেন।

জবেদা বেগম বলেন, ‘গত তিন দিন ধরে আমার ছেলে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর আজ হঠাৎ শুনতে পাই ব্রহ্মপুত্র নদের তীরে একটি লাশ পাওয়া গেছে। সেখানে গিয়ে আমি আমার ছেলে নয়নের মরদেহ শনাক্ত করি। কীভাবে এমন ঘটনা ঘটল, তা জানি না।’

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, শরিফপুর এলাকায় একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত