শর্মিলা ঠাকুরের বিকিনি পরা নিয়ে প্রশ্ন উঠেছিল সংসদেও!

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০২:০৭ এএম

শর্মিলা ঠাকুরই প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি সাহস দেখিয়েছিলেন ক্যামেরার সামনে বিকিনি পড়ার। সেই বিষয় নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল যা বর্তমান প্রজন্মের অনেকেই জানেন না।

সেদিনের সেই ঘটনা এখনও সতেজ শর্মিলার মনে। অভিনেত্রী সেদিন যা যা মোকাবেলা করেছিলেন তা যেন ভয়ঙ্কর। প্রথম কোনও নায়িকা, তাও সেই যুগে বিকিনি পরেছিলেন। ফটোগ্রাফার নিজেও যেন অস্বস্তিতে ছিলেন।

সম্প্রতি কফি উইথ করণের নতুন এপিসোডে ছেলে সাইফ আলি খানকে নিয়ে হাজির হয়েছিলেন শর্মিলা। সেখানেই তিনি পুরনো সেসময়ের ঘটনা শেয়ার করেন। অভিনেত্রী নিজের মন্তব্য শুরু করার আগে সাইফ বলেন, 'আমার মাকে এভাবে দেখে আমার বন্ধুরা হোস্টেলে জিজ্ঞেস করত, এটা তোমার মা? সত্যিই?' ছেলের কথা শুনে হেসে ফেলেন শর্মিলা। বলেন, ফটোগ্রাফার তো অস্বস্তিতে ছিল। কিন্তু আমি যেটা ভাবতে পারিনি সেটাই হয়ে গেল। ভেবেছিলাম একরকম, হলো আরেকরকম।

এখানেই শেষ না। অভিনেত্রী আরও বলেন.. “আমি তখন লন্ডনে। এদিকে, এখানে এত কাণ্ড ঘটে গিয়েছে। আমি তো জানতাম না, যে এরকম হতে পারে। লোকজন ভাবতে শুরু করেছিল, আমি সকলের চোখে ধরা পড়ার জন্য এসব করছি। কিন্তু সেসব না। আমায় শক্তি জি যদি সেদিন ফোন না করতেন আমি জানতাম না যে এখানে এসব হচ্ছে। উনি, সোজা আমায় বললেন, পাবলিকের চোখে ধরা পড়ার জন্য এসব করার দরকার পড়ে না। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম যে পার্লামেন্ট পর্যন্ত প্রশ্ন উঠেছিল।”

বর্ষীয়ান অভিনেত্রীর তখন পুরো সময়টাই একা থাকতে মন চেয়েছিল। তিনি বলেন, আমি একদম একা থাকতে শুরু করেছিলাম। টাইগারকে ( মনসুর আলী খান পতৌদি ) একটা টেলিগ্রাম করলাম। ও সোজা বলল আমি জানি তোমায় দেখতে খুব সুন্দর লাগছিল। তো, এটাই আমার সাপোর্ট সিস্টেম ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত