বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আগামী ৭ জানুয়ারি দেশে কোনো নির্বাচন হচ্ছে না। যা হচ্ছে তা হচ্ছে অবৈধ নির্বাচন, তামাশার নির্বাচন, ইমিটেশন নির্বাচন। নির্বাচনের নামে তামাশা হচ্ছে। নির্বাচনের নামে এরা জনগণকে ভেলকিবাজি দিচ্ছে। এরা জনগণকে ত্যাজ্য করে প্রকৃত ভোটকে বৃদ্ধাঙ্গুলি দিয়েছে। দেশের মানুষ এমন প্রতারণার নির্বাচন চায় না। নির্বাচনের নামে কোনো প্রহসন চায় না। নির্বাচনের নামে ইমিটেশন নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। তাই ভোট কেন্দ্রে না গিয়ে বর্জন করে শান্তিপূর্ণ প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী।
আজ সকাল সাড়ে সাতটায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানমন্ডি পুরাতন ১৫ নম্বর এলাকায় আনাম র্যাংগস প্লাজা শপিংমলের বিপরীতে কাঁচা বাজার ও আশপাশে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এ আহ্বান জানান।
রিজভী বলেন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী গতকাল বলেছেন, ‘নির্বাচন নিয়ে দেশে-বিদেশে অনেক ষড়যন্ত্র-চক্রান্ত হচ্ছে।’ তিনি বলেন নির্বাচন নিয়ে চক্রান্ত করছেন আপনারা। বাংলাদেশে ডামি প্রতারণার নির্বাচন আয়োজন করতে প্রতিবেশী দেশ সরাসরি হস্তক্ষেপ করছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে তাদের দিয়ে হস্তক্ষেপ করাতে বাধ্য করছেন আপনারা। কিন্তু আপনাদের শেষ রক্ষা হবে না। ডামি ও ইমিটেশনের নির্বাচন দেশের জনগণসহ বিশ্ববাসী মেনে নেবে না।
এসময় কেন্দ্রীয় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মো: রফিকূল ইসলাম, সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমনসহ বিএনপি, যুবদল, তাঁতী দল, মৎস্যজীবী দল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
