৯ মাস পর কভিডে মৃত্যু দেখল পশ্চিমবঙ্গ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০১:২৬ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় কভিডে আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে ৯ মাস পর কভিডে প্রথম মৃত্যু দেখল পশ্চিমবঙ্গ। হৃদরোগ-সহ অন্যান্য বয়সজনিত সমস্যা ছিল ওই বৃদ্ধের। পরে তার শরীরে করোনা ভাইরাসের খোঁজ মেলে। সেই কারণে বৃহস্পতিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই শারীরিক অবস্থার অবনতি হয় এবং রাত সাড়ে ১০টা নাগাদ মৃত্যু হয় তার।

তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, কলকাতায় এখনো কভিডের নতুন জেএন-১ উপধরনের সংক্রমণ সনাক্ত হয়নি। যদিও এ বৃদ্ধের মৃত্যুর এই খবরে উদ্বেগ বেড়েছে আরও। জেএন ওয়ান ভ্যারিয়েন্টের হাত ধরে নতুন করে করোনা আতঙ্ক থাবা বসিয়েছে গোটা ভারতে। কেরালা, দিল্লি, মুম্বাইসহ একাধিক রাজ্যে এই সাব-ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গেছে।  

এদিকে প্রতিদিনই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের  দেওয়া রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৬৯২ জন। মোট ৯ রাজ্যে সংক্রমণ ছড়িয়েছে। মৃত্যুর ঘটনা ঘটেছে দিল্লি, কর্নাটক, কেরালতেও। এছাড়া গোয়া, কর্নাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানাতেও জেএন ওয়ান উপধরনের সন্ধান মিলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত