সুপ্রিম কোর্টে আইনজীবীদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৩ পিএম

বিএনপির আইনজীবীদের আদালত বর্জনের কর্মসূচিকে কেন্দ্র করে পক্ষে ও বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সরকারপন্থী ও সরকারবিরোধী আইনজীবীদের চার সংগঠন। এর মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আগামীকাল ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত এ কর্মসূচিকে গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থি উল্লেখ করে নিন্দা জানিয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (সুপ্রিম কোর্ট বার)।

অন্যদিকে আদালত বর্জনের এ কর্মসূচি সফল করতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। এছাড়া জামায়াতপন্থী আইনজীবীরা পৃথক সংবাদ সম্মেলন করে ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি আদালত বর্জন কর্মসূচির ঘোষণা দেন। 

আজ রবিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টার পরে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে সংবাদ সম্মেলনে সমিতির সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল সংবাদ সম্মেলনে বলেন, ‘জাতীয় নির্বাচন একটি সাংবিধানিক ধারাবাহিকতা এবং বাধ্যবাধকতা। সারা দেশে নির্বাচনী আবহ সৃষ্টি হয়েছে। নির্বাচনে অংশগ্রহণ করা বা না করা যেকোনো রাজনৈতিক দলের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু নির্বাচন প্রতিহতের নামে আদালত বর্জনের ডাক দেওয়া অনাকাঙ্খিত ও অনভিপ্রেত।’

তিনি বলেন, ‘এ ধরনের কর্মসূচি প্রদানের এখতিয়ার কোনো আইনজীবী ফোরামের নেই। এ ধরনের আহ্বান গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী এবং বিচার কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপের সামিল এবং বিচারপ্রার্থী মানুষের বিচার পাওয়ার অধিকারের পরিপন্থী।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির। এরপর একই মঞ্চে বিএনপির আদালত বর্জনের কর্মসূচির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এ সময় উপস্থিত ছিলেন।  

এর আগে দুপুর ১২টার দিকে সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে বিএনপিপন্থী আইনজীবীরা সংবাদ সম্মেলনের করেন। সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এ সময় বলেন, ‘যতদিন পর্যন্ত দেশে আইনের শাসন ও মানবাধিকার ফিরে না আসবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এই আন্দোলনে আইনজীবীরা কোনো অবস্থাতেই পিছিয়ে থাকবেন না। আইনজীবীদের অনুরোধ করব এই সময়ে (১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি) আদালত বর্জনের যে কর্মসূচি তা আপনারা স্বত:স্ফুর্তভাবে পালন করবেন। কোনো অবস্থাতেই আমরা কেউ আদালতে যাব না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্টের (ইউএলএফ) কো—কনভেনর অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।

এদিকে দুপুর ২টার দিকে সুপ্রিম কোর্ট বার ভবনের দক্ষিণ হলে সংবাদ সম্মেলন করেন জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন ‘বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল’। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অ্যাডভোটেক জসিম উদ্দিন সরকার, সেক্রেটারি জেনারেল মতিউর রহমান আকন্দ প্রমুখ। অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এসময় ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত