বরিশালের হিজলা উপজেলায় দেশীয় অস্ত্র তৈরির সময় আজিজ সরদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুটি দেশীয় ধারালো অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করে পুলিশ।
রবিবার (৩১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার গৌরবদী এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর আহমেদ বলেন, গ্রেপ্তারককৃত যুবকের কোনো দলীয় পরিচয় নেই। তবে তিনি স্বীকার করেছেন টাকার বিনিময়ে দেশীয় অস্ত্র তৈরি করে বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। আমরা তদন্ত করে দেখছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
হিজলা গৌরবদীর সংরক্ষিত ওয়ার্ড মেম্বার লাবনী আক্তার বলেন, অস্ত্রের কারিগর আজিজ সরদারকে এলাকাবাসী আটকে পুলিশে খবর দেন। এসময় খবর পেয়ে আমিও সেখানে যাই। আজিজ সকলের সামনে স্বীকার করেছেন তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের হয়ে কাজ করছেন। প্রতিদিন ৫০০ টাকা মজুরিতে দেড় থেকে ২০০ অস্ত্র তৈরি করে পৌঁছে দিত।
এ বিষয়ে জানতে ড. শাম্মী আহমেদের মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
উল্লেখ, বরিশাল ৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শাম্মী আহমেদ। তবে দ্বৈত নাগরিকত্ব থাকায় তার প্রার্থিতা বাতিল হয়েছে। ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথ। ওই আসনে জাতীয় পার্টি ও সাংস্কৃতিক মুক্তিজোটের দুজন প্রার্থী রয়েছেন।
