চলতি মৌসুমের বড়দিনের আগেও মিকেল আরতেতার শিষ্যরা ছিল দুর্দান্ত ছন্দে। বক্সিং ডের আগে লিভারপুলের সঙ্গে ড্র করে তারা নিশ্চিত করে শীর্ষস্থান। কিন্তু শেষ ম্যাচে ওয়েস্ট হ্যামের কাছে হারের পর গতকাল তারা হেরেছে ফুলহ্যামের কাছে।
আর তাতে লিভারপুলকেই যেন নববর্ষের উপহার দিয়েছে তারা। আজ রাতে অলরেডরা জিতলেই শীর্ষস্থান অনেকটাই শক্ত হবে তাদের।
আগের ম্যাচেই ওয়েস্ট হামের বিপক্ষে গানার্সরা হেরেছিল ২–০ গোলে। আজ অবশ্য তেমন হয়নি। ফুলহামের মাঠ ক্রাভেন কটেজে গোলের দেখা পেয়ে যায় পঞ্চম মিনিটেই। কিন্তু সেটায় নিজেদের ভাগ্য বদল হলো কই। নিজেদের সমর্থকদের সামনে ফুলহ্যাম পরে দুই গোল করে ম্যাচ জিতে নিয়েছে ২–১ ব্যবধানে। আর তাতে নিজেদের অবস্থার উন্নতির পাশাপাশি লিভারপুলকেও খানিক উপহার পাঠিয়েছে তারা।
আর্সেনালকে হারিয়ে টানা তিন হারের পর প্রথম জয় পেয়েছে ফুলহ্যাম। ২৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে উঠে এসেছে। আর বড়দিনে পয়েন্ট তালিকার এক নম্বরে থাকা আর্সেনাল নেমে গেছে চারে। সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই হার আর একটিতে ড্র তাদের। সম্ভাব্য ১৫ পয়েন্টের ১১ পয়েন্টই খুইয়ে শিরোপা লড়াইয়ে বেশ খানিকটা পিছিয়ে আছে তারা।
আর্সেনাল কোচ মিকেল আর্তেতা দুঃখ প্রকাশ করে বলেছেন, ফুলহামের কাছে হেরে আর্সেনালের প্রিমিয়ার লিগের শিরোপার চ্যালেঞ্জ আরও একটি ধাক্কা রয়ে গেছে।
খেলা নিয়ে তার মতামত জানতে চাইলে আর্তেতা বলেন, 'বেদনাদায়ক ও দুঃখের দিন। এভাবেই আমি এর সংক্ষিপ্ত বিবরণ দেব। আমরা যে ধারাবাহিকতা দেখিয়েছি তাতে ২০ ম্যাচ পর টেবিলের শীর্ষে থাকার সুযোগ পেয়েছি। ম্যাচ জেতার অধিকার অর্জনের জন্য আমরা যথেষ্ট ভালো করতে পারিনি। তিন দিন আগে আমরা এমন একটি ম্যাচ হেরেছিলাম যা আমাদের জয়ের প্রাপ্য ছিল, আজকের গল্পটি খুব আলাদা ছিল।'
২০ ম্যাচে ৪০ পয়েন্টে আটকে থাকা গানার্সরা খানিক বিপাকেই পড়েছে এই হারে। ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট পাওয়া লিভারপুল আরও খানিকটা ব্যবধান বাড়ানোর সুযোগ পাচ্ছে। রাতেই নিউক্যাসেলের বিপক্ষে মাঠে নামবে তারা। লিভারপুলের সমান ৪২ পয়েন্ট অ্যাস্টন ভিলারও। তবে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় ভিলা আছে দুইয়ে।
