ভোটদানে বিরত থাকার আহ্বানে রাজধানীতে জামায়াতের গণসংযোগ

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০১:০৭ পিএম

ভোটদান থেকে বিরত থাকার আহ্বানে রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের নেতাকর্মীরা।

আজ সোমবার (০১ জানুয়ারি) সকালে উত্তরের বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবে লিফলেট বিতরণ করে তারা। সকালে উত্তরায় আজমপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে নেতাকর্মীরা। এসময় ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি জেনারেল ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, জনগণ সরকারের পাতানো নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখান করেছে। তারা সরকারকে ইতিধ্যেই লালকার্ড দেখিয়ে দিয়েছে। কথিত নির্বাচন কমিশন নামের ইন্তিকাল কমিশন স্বীকার করতে বাধ্য হয়েছে যে, দেশে অনায্য নির্বাচন করা হলে জাতীয় অর্থনীতিতে ধস নামবে এবং আগামী দিনে আরও স্যাংশন আসবে।

কোনো কোনো প্রার্থীর আত্মস্বীকৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, তারা নিজেদের ভারতের প্রার্থী বলে দাবি করে পুলকবোধ করছেন। যা রীতিমত রাষ্ট্রদ্রোহিতা। মূলত এই সরকারই অবৈধ ও বিনাভোটের সরকার। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই এই নৈশভোটের সরকারকে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই পরাভূত করা হবে, ইনশা আল্লাহ।

এছাড়া মিরপুর ৬০ ফিট সড়ক, শেরেবাংলা নগর এবং ভাষানটেকসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত