আগামীকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ সোমবার সন্ধ্যায় ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদপ্তর।
এতে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ফলে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামীকাল মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
মঙ্গলবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়ার কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবারের (০৩ জানুয়ারি) আবহাওয়াও প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। পরদিন বৃহস্পতিবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে দিনে ঠাণ্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এর পরবর্তী পাঁচদিন আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
