ছাত্রদল নেতাকে ধরতে গিয়ে হেনস্তার শিকার পুলিশ

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৪:০৮ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাটে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে আসামির পরিবারের কাছে হেনস্তার শিকার হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য। পুলিশকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন আসামির পরিবারের নারী সদস্যরা। পরে আক্রমণাত্মক হয়ে উঠেন তারা।

গতকাল সোমবার (২ জানুয়ারি) বিকেলে ঘোড়াঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের হোসেন সাদ্দামকে (৩০) গ্রেপ্তার করতে তার নিজ বাড়ি পালশা ইউনিয়নের জোড়গাড়ী-নয়াপাড়া গ্রামে গেলে এই ঘটনা ঘটে। সাদ্দাম নাশকতা মামলার এজাহারভূক্ত ৩৭ নাম্বার আসামি।

পুলিশ দাবি, সাদ্দামের বাড়িতে প্রবেশ করে তাকে খোঁজাখুজির এক পর্যায়ে তার পরিবারের সদস্যরা পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তার পরিবারের নারী সদস্যরা পুলিশের দিকে তেড়ে আসে।

এ ঘটনায় ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) অসীম কুমার মোদক বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পুলিশ দাবি, ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে সাদ্দামের নেতৃত্বে তার বাড়িতে আলোচনা সভার আয়োজন করে দলটি। পুলিশের কাছে তথ্য ছিল আলোচনা সভা শেষে রাতে নেতাকর্মীরা দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতা সৃষ্টি করবে, এমন তথ্যের ভিত্তিতে সাদ্দামের বাড়িতে অভিযানে চালানো হয়।

ওই এলাকার বাসিন্দা আসাদুল হক বলেন, ‘আমি বাড়িতে শুয়ে ছিলাম। আমার স্ত্রী এসে বলল গ্রামে পুলিশ ঢুকেছে। পরে আমি গিয়ে দেখি সাদ্দামের বাড়ির সামনে পুলিশের গাড়ি দাঁড়াল। পরে আমিও এগিয়ে গেলাম। পুলিশ ওই বাড়িতে প্রবেশ করার পর বাড়িটির লোকজন পুলিশকে গালিগালাজ শুরু করে। মহিলারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে পুলিশ বের হয়ে যাবার সময় সাদ্দামের বাবা-মাকে সর্তক করে দিয়ে চলে যায়।’

দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) শাহ ইফতেখার আহমেদ বলেন, ‘এই রকম একটি ঘটনা শুনেছি। আমাদের সদস্যরা এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়েছিল। সে সময় আসামির পরিবারের লোকজন পুলিশের সঙ্গে অসদাচরণ করেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত