পর্দা উঠছে দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসবে দেখানো হবে বহু সিনেমা। গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে বাংলাদেশ-ইরানের যৌথপ্রযোজনায় নির্মিত এবং জয়া আহসান অভিনীত সিনেমা ‘ফেরেশেতে’। ছবিটি পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম।
উৎসবে ‘ফেরেশেতে’ এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে। ২০ জানুয়ারি বিকেল ৪টায় রয়েছে উৎসবের উদ্বোধনী আয়োজন, ঠিক এর পরই জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উপস্থিত দর্শক সিনেমাটি উপভোগ করতে পারবেন।
এই চলচ্চিত্রে জয়া আহসান ছাড়াও বাংলাদেশের আরো বেশ ক’জন শিল্পী অভিনয় করেছেন। আছেন রিকিতা নন্দিনী শিমু, সুমন ফারুক, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী।
মুর্তজা অতাশ জমজমের সাথে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ। ফারসি ও বাংলা অনুবাদ করেছেন মুমিত আল-রশিদ ও ফয়সাল ইফরান।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৭৪টি দেশের আড়াই শতাধিক সিনেমা দেখানো হবে। উৎসবে বিভিন্ন সময় উপস্থিত থাকবেন ইরানের খ্যাতিমান নির্মাতা মাজিদ মাজিদি, ভারতের শর্মীলা ঠাকুর, অঞ্জন দত্ত, স্বস্তিকা মুখার্জী সহ বিভিন্ন দেশের নামিদামি তারাকা নির্মাতা, অভিনয়শিল্পীরা। উৎসবের পর্দা নামবে ২৮ জানুয়ারি।
