নতুন প্রতিভার ঝলক দেখানো ক্রিকেটের নৈমিত্তিক ঘটনা। খেলাটির সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি অবদানের উপর ভিত্তি করে তাদের স্বীকৃতি জানায় প্রতিবছর। এ বছর উদীয়মান নারী বর্ষসেরা ক্রিকেটারের সেই চারজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন আমাদের বাংলাদেশের উঠতি ডানহাতি পেসার মারুফা আক্তার। তালিকায় তার সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ফিবি লিচফিল্ড, ইংল্যান্ডের পেসার লরেন বেল এবং স্কটল্যান্ডের অলরাউন্ডার ডার্সি কার্টার।
অনূর্ধ্ব-১৯ নারী দলের সিড়ি বেয়ে ২০২২ সালের ডিসেম্বরে জাতীয় দলে অভিষেক হয় মারুফা আক্তারের। ফেব্রুয়ারিতে প্রথমবার আইসিসি টুর্নামেন্ট খেলেন। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ওই আসরে বল হাতে ছিলেন দুর্দান্ত। নিজের মাত্র তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পরপর দুই বলে ২ উইকেটসহ মাত্র ২৩ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। শক্তিশালী অস্ট্রেলিয়াকে ভুগিয়ে নিজের সামর্থ্যের জানান দেন মারুফা।
ঘরের মাঠে বাংলাদেশ-ভারতের সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতেও দুই উইকেট নিয়েছিলেন মারুফা। শেষ ওভারে যখন ভারতের জয়ের জন্য মাত্র ৩ রান দরকার, তখন নিজের জাত ভালোভাবেই বুঝিয়েছেন তিনি। দুই রান দেওয়ার পর তৃতীয় বলে ভারতীয় ইনিংসের সর্বশেষ উইকেটটি তুলে নেন। এর মাধ্যমে ড্র নিয়ে সমাপ্ত হয়। সিরিজটিও শেষ হয় সমতায়। গত বছর ওয়ানডেতে ২৪.৭৭ গড়ে ৯টি এবং টি-টোয়েন্টিতে ২৩.৩০ গড়ে ১০ উইকেট পান মারুফা।
