যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে ডিএমপি কমিশনারের সাক্ষাৎ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৮:৫৭ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) পর্যবেক্ষক দল ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বুধবার জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও নানা বিষয়ে জানতে সাত সদস্যের এই নির্বাচন পর্যবেক্ষক দল পুলিশের সর্বোচ্চ কর্তার সঙ্গে সাক্ষাৎ করে।

কমিশনারের সঙ্গে সাক্ষাৎ ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন।

মহিদ উদ্দিন বলেন, প্রতিনিধিদল জানতে চেয়েছে নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা কেমন আছে। কোনও অসুবিধা আছে কি-না। বয়স্ক ও নারী ভোটারসহ সবাই ভোটকেন্দ্র যেতে পারবে কি-না। অন্যান্য অসুবিধাসহ নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত আছে কি-না এসব বিষয়ে জানতে চেয়েছে।

এসব প্রশ্নের জবাবে কমিশনার কী বলেছেন এমন প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, তিনি (ডিএমপি কমিশনার) বলেছেন আমাদের সকল আয়োজন আছে, কোনও অসুবিধা হবে না।

পুলিশ জানিয়েছে, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) নির্বাচনী পর্যবেক্ষণ দলে ছিলেন নাতাশা রথচাইল্ড, ক্রিস্পিন কাহেরু, মারিয়াম তাবাতাদজে, নেনাদ মারিনোভিক, ইভো পেন্টচেভ, কাজী শহীদুল ইসলাম ও নুরানী রুপমা।

এ ছাড়া ডিএমপি কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত