বৃষ্টি ও আলোকস্বল্পতায় শেষ সিডনির দ্বিতীয় দিন

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৫:৫৪ পিএম

বৃষ্টি ও আলোকস্বল্পতায় সিডনি টেস্টের দ্বিতীয় দিনের পুরো খেলা হয়নি। ৪৬ ওভার খেলা হওয়ার পর পাকিস্তানের খেলোয়াড়দের ডেকে আলোর স্বল্পতার কথা বলেন মাঠের আম্পায়ার।

ফক্স ক্রিকেট জানিয়েছে, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৪৭তম ওভারের খেলা শেষে মাঠের আম্পায়াররা পাকিস্তানের ফিল্ডারদের ডেকে আলোকস্বল্পতার কথা জানান। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকে আম্পায়াররা স্পিনারদের দিয়ে বল করানোর প্রস্তাব দেন। কিন্তু মাসুদ এক প্রান্ত থেকে পেসার আমের জামালকে দিয়ে বল করানোর ইচ্ছার কথা জানান। তখন বৃষ্টিও চোখ রাঙাচ্ছিল। 

পরিস্থিতি বুঝে আগেভাগেই চা–বিরতি ঘোষণা করেন মাঠের দুই আম্পায়ার। এরপর বৃষ্টি নামায় দিনের বাকি খেলা আর হয়নি। অস্ট্রেলিয়া ২ উইকেটে ১১৬ রানে থাকতে দ্বিতীয় দিনের খেলার সমাপ্তি ঘোষণা করা হয়। 

প্রথম ইনিংসে ৩১৩ রানে অলআউট হয় পাকিস্তান। অস্ট্রেলিয়া এখনো ১৯৭ রান পিছিয়ে।

বাংলাদেশ সময় আজ সকাল ৯টা ২৩ মিনিটে বন্ধ হয় দ্বিতীয় দিনের খেলা। গতকাল মাত্র ১ ওভার ব্যাটিং করা অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি আজ ভালো শুরু এনে দিয়েছিল। ৭০ রানের জুটি গড়েছিলেন উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা ওয়ার্নার ব্যক্তিগত ২০ রানে স্লিপে সাইম আইয়ুবের হাতে ‘জীবন’ পেলেও সুযোগটা কাজে লাগাতে পারেননি। ৩৪ রানে আগা সালমানের বলে সেই স্লিপেই ক্যাচ দেন বাবর আজমকে। 

প্রথম সেশনে ওয়ার্নারকে হারানোর পর দ্বিতীয় সেশনে খাজাকে হারায় অস্ট্রেলিয়া। ব্যক্তিগত ৪৭ রানে আমেরের বলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দেন। এর আগে মারনাস লাবুশেনের সঙ্গে ৩৮ রানের জুটি গড়েন খাজা। স্টিভেন স্মিথকে নিয়ে আরও ৮ রান যোগ করে লাবুশেন অপরাজিত ২৩ রানে।

দ্বিতীয় সেশনে পানি পানের বিরতির কিছুক্ষণ পরই খেলা বন্ধ হয়। নির্ধারিত সময়ের চেয়ে ৩০ মিনিট আগে চা–বিরতির ঘোষণা দেওয়ার আগেই ফ্লাডলাইট জ্বলেছে সিডনিতে। 

আবহাওয়ার পূর্বাভাসবিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদার জানিয়েছে, সিডনিতে আজ দিনের বাকি সময় বৃষ্টির সম্ভাবনা বেশি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত