সরকারি উদ্যোগে ২১ কোটি টাকা বাজেটে নির্মিত হচ্ছে সিনেমা ‘অপারেশন জ্যাকপট’। সিনেমার প্রেক্ষাপট বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের সফল গেরিলা যুদ্ধের কাহিনী। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতের রাজিব বিশ্বাস।
ইতিমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এতে ১৯৭১ সালে ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেলের দায়িত্বে থাকা ওংকার সিং কাটকাটের ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়ক ওমর সানী। এরইমধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। সোশ্যালে মেজর লুকের ছবিও প্রকাশ করেছেন তিনি। চরিত্রটি সাবলীলভাবে ফুটিয়ে তুলতে সব প্রস্তুতি নিয়েছেন এ অভিনেতা।
মেজর লুকে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে ওমর সানী লিখেছেন, ‘১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের একটা বিশাল ঘটনার সূত্রপাত হচ্ছে-‘অপারেশন জ্যাকপট’। আর এই সিনেমাতে তৎকালীন ইন্ডিয়ার মোস্ট পাওয়ারফুল অফিসার ছিলেন ওঙ্কার সিং কাটকার। তার চরিত্র নিয়ে হাজির হলাম অপারেশন জ্যাকপটে। ধন্যবাদ এই সিনেমার প্রযোজক এবং পরিচালককে।’
সিনেমাটিতে তুলে ধরা হবে স্বাধীনতা যুদ্ধের নৌ-সেক্টরে পরিচালিত সফলতম গেরিলা অপারেশন। ১৯৭১ সালের ১৫ই আগস্ট রাত ১২টার পর অর্থাৎ ১৬ই আগস্ট প্রথম প্রহরে ‘অপারেশন জ্যাকপট’ নামের অভিযানে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে গেরিলা অপারেশন চালানো হয়েছিল। সেই অভিযানে পাকিস্তান ও অন্য আরও কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিলেন মুক্তিযোদ্ধারা। ইতিহাসের সাহসী সেই অভিযানের সোনালি সময়কে সঠিকভাবে তুলে ধরা হবে সিনেমাটিতে।
বিয়ে করলেন আমির খানের মেয়ে ইরা