প্লাস্টিকের ব্যাংকে টাকা জমিয়ে মোহরানার প্রস্তুতি নিচ্ছে যুবক

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৫:৫১ পিএম

দেনমোহর স্ত্রীর মৌলিক অধিকার। ইসলামী শরিয়াহ অনুযায়ী স্ত্রীর এ অধিকার আদায়কে সহজতর করতে ব্যতিক্রম এক উদ্যোগ নিয়েছেন মাওলানা মো. আব্দুল হালিম (২৪) নামে একজন মুসলিম যুবক।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ওই যুবক বিষয়টি নিশ্চিত করেছেন। স্ট্যাটসে তিনি একটি প্লাস্টিক ব্যাংকের ছবি পোস্ট করেছেন। ব্যাংকটির ওপরে লেখা রয়েছে ' মোহরানা সঞ্চয়ী ব্যাংক'। স্ট্যাটাসের ক্যাপশনে তিনি লিখেছেন,'ন্যায্য পাওনা আদায় ও অধিকার বহাল রাখার জন্য শেষ উপায় বেছে নিলাম। তবুও কারো কাছে ঋণী থাকতে চাই না।'

তার নেওয়া এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। যুবকের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগি ইউনিয়নের বগাপুতা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

আব্দুল হালিম ঢাকার উত্তরা জামিয়া ইসলামিয়া গাওয়াইর মাদ্রাসা থেকে ২০১৫-১৬ সেশনে মাওলানা শেষ করেন এবং ২০১৮ সালে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি পানান ফাজিল মাদ্রাসা থেকে আলিম কমপ্লিট করে বর্তমানে ফাজিলে অধ্যয়নরত আছেন। পাশাপাশি তিনি ঢাকার কেরানীগঞ্জের রওজাতুল জান্নাত কওমি মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত। তবে আগামী এক দেড় বছরের মধ্যে তিনি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। সে অনুযায়ী স্ত্রীর দেনমোহর আদায়ে প্লাস্টিকের ব্যাংকে তিনি সামর্থ্য অনুযায়ী টাকা জমা রাখবেন। ব্যাংকটি টাকায় ভরে গেলে ধারাবাহিকভাবে আরও এমন ব্যাংকে টাকা সঞ্চয় করবেন বলে জানান তিনি।

এ বিষয়ে ব্যতিক্রমী এই উদ্যোগ নেওয়া যুবক মাওলানা  আব্দুল হালিম মোবাইলে বলেন,'বাসর রাতে দেনমোহর ক্ষমা চাওয়ার বিধান ইসলামে নেই। অনকেই ক্ষমা চেয়ে স্ত্রীর সাথে মেলামেশা করে যা অনুচিত। তবে মোহরানা বাকিতে পরিশোধ করার বিধান রয়েছে। সম্পূর্ণ পরিশোধ করা ভালো, অসুবিধা হলে বিবাহের সময় আংশিক পরিশোধ করবে অবশিষ্ট আস্তে আস্তে পরিশোধ করবে। সম্পূর্ণ মোহর সময় নিয়ে পরিশোধ করা যায়। সম্পূর্ণ মোহর পরিশোধ করার আগে স্ত্রীকে স্পর্শ করা যাবে না এ কথার ভিত্তি নেই। ভবিষ্যতে স্বামীর অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয়ে যায় তবে স্ত্রী ইচ্ছে করলে আংশিক বা সম্পূর্ণ মোহরানা ক্ষমা করে দিতে পারেন। হারাম বস্তু দিয়ে দেনমোহর পরিশোধ করা যায় না।সকল মুসলিম যুবকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সবার উচিত বিয়ের আগে থেকেই দেনমোহর পরিশোধ করার প্রস্তুতি নেওয়া।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত