ভারতের চতুর্থ কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে বিহারের বৈভব সুর্যবংশীর। ১২ বছর ২৮৪ দিন বয়সে বিহারের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নেমেছেন বৈভব। আজ পাটনার মইন-উল-হক স্টেডিয়ামে এ ঘটনা ঘটেছে।
বৈভব ছাপিয়ে গেছেন কিংবদন্তি শচিন টেন্ডুলকার ও যুবরাজ সিংকে। ১৫ বছর ২৩০ দিনে অভিষেক হয়েছিল শচিনের। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের সময় যুবরাজের বয়স ছিল ১৫ বছর ৫৭ দিন। এর আগে মাত্র ৯ জন ক্রিকেটার বয়স ১৩ হওয়ার আগেই প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন।
১৯৪২-৪৩ রঞ্জি মৌসুমে ১২ বছর ৭৩ দিন বয়সে খেলতে নেমে রঞ্জির ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়ে আছেন আলিমুদ্দীন। আজমিরে জন্ম নেওয়া আলিমুদ্দীন রাজপুতানার হয়ে রঞ্জির সেমিফাইনালে নেমেছিলেন বারোড়ার বিপক্ষে। তালিকায় দুইয়ে আছেন এসকে বোস। ১৯৫৯-৬০ মৌসুমে ১২ বছর ৭৬ দিন বয়সে বিহার বনাম আসামের ম্যাচে অভিষেক হয় তার। ১২ বছর ২৪৭ দিন বয়সে মোহাম্মদ রামজানের প্রথম শ্রেণিতে অভিষেক হয় ১৯৩৭ সালে। নর্দান ইন্ডিয়ার হয়ে ইউনাইটেড প্রভিন্সের বিপক্ষে রঞ্জি ট্রফির ম্যাচে নেমেছিলেন তিনি।
বাঁহাতি ওপেনিং ব্যাটার বৈভব সূর্যবংশী নয় বছর বয়সে ক্রিকেটে হাতেখড়ি নেন বাবার কাছে। গত বছর ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের হয়ে খেলেন। ৬ ইনিংসে ২৯.৫০ গড়ে ১৭৭ রান করেন। পান দুটি ফিফটি। ভিনোদ মানকাড় ট্রফিতে ৭৮.৬০ গড়ে ৩৯৩ রান নিয়ে আসরের অষ্টম শীর্ষ রান স্কোরার হয়েছিলেন বৈভব। পাঁচ ম্যাচে তিন ফিফটির সঙ্গে করেছিলেন এক সেঞ্চুরি। বিহারের হয়ে কুচবিহার ট্রফিও খেলেছেন বৈভব। ঝাড়খণ্ডের বিপক্ষে ম্যাচে ১২৮ বলে ১৫১ রানের ইনিংস খেলেন বৈভব। ওই ম্যাচেই তার ৭৬ রানের ইনিংসও রয়েছে।
