সাতক্ষীরায় সন্তানকে হত্যার পর পুড়িয়ে দিল বাবা!

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৯:১৭ পিএম

সাতক্ষীরায় আট বছর বয়সী শিশু আরিফ বিল্লাহকে হত্যার পর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা ইয়াসিন আলীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ধলাবাড়িয়া মাঠপাড়ার আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। নিহত আরিফ বিল্লাহ ধলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। 

আরিফের মা রোকেয়া খাতুন জানান, সদর উপজেলার চুপড়িয়া গ্রামের নূর ইসলামের ছেলে ইয়াছিন আলীর সঙ্গে তার ১০ বছর আগে বিয়ে হয়। তিন বছর আগে ধলবাড়িয়া মাঠপাড়ায় প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর পান তিনি। এরপর থেকে একমাত্র সন্তান আরিফ বিল্লাহসহ স্বামীকে নিয়ে তারা সেখানে বসবাস করতেন।

রোকেয়া বলেন, ‘আমার স্বামী মাদকাসক্ত ও অস্ত্র মামলার আসামি। এ নিয়ে স্বামীর সঙ্গে আমার বিরোধ লেগেই থাকে। মঙ্গলবার স্বামী আমাকে মারধর করলে আরিফকে নিয়ে আমি আমার নানা ধুলিহর গ্রামের ইজ্জত আলীর বাড়িতে আশ্রয় নিই।’

তিনি জানান, বৃহস্পতিবার নানার বাড়ি থেকে আরিফকে নিয়ে আসেন। রাতে শ্বাসরোধ করে হত্যা করে ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে স্বজনদের ঘটনাটি জানায় ইয়াসিন। ঘটনাস্থলে পৌঁছে ঘরে আগুন জ্বলছে দেখতে পায় গ্রামবাসী। ততক্ষণে পুড়ে অঙ্গার হয়ে গেছে শিশু আরিফ।

আরিফ বিল্লাহর দাদী মলুদা খাতুন জানান, ইয়াছিন তার ছেলেকে হত্যা করে ঘরে আগুন লাগিয়ে তার মামার বাড়ি আগরদাড়িতে চলে যায়। সেখানে সে সামনে যাকে পেয়েছে তাকে পিটিয়েছে। পরে ইয়াছিনকে শিকল দিয়ে বেঁধে রেখে পুলিশে সোপর্দ করা হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম জানান, শিশুটির বাবাকে আটক করা হয়েছে। সম্ভবত, তিনি মাদকাসক্ত। থানায় তিনি অসংলগ্ন আচরণ করছেন।

তিনি আরও জানান, ছেলেটির দেহ পুড়ে গেছে। চেনা যাচ্ছে না এমন অবস্থা। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত