গাজীপুরের কালীগঞ্জের বোয়ালী গ্রামের আক্তার হোসেন চৌধুরী। ১৯৮৪ সাল থেকে কুয়েতে থাকেন। দেশে এসেছিলেন একাধিকবার তবে ভোট দেয়া হয়নি তার। ৪০ বছর পর এবার ভোট সামনে রেখেই দেশে ফিরেছেন।
রবিবার কালীগঞ্জের বোয়ালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কথা হয় এই ভোটারের সঙ্গে। আগ্রহভরে কথা বলেন আক্তার হোসেন। তিনি বলেন, এবার একেবারে ফিরে এসেছি, এ দেশেই থাকব। দীর্ঘ দিন পর ভোট দিতে আসলাম। ভালো লাগছে। এর আগেও এসেছিলাম তবে ভোটের তারিখ মেলেনি বলে দেয়া হায়নি।
প্রত্যাশার কথা জানতে চাইলে তিনি বলেন, 'আরবিতে বলা হয় 'হুয়া হুয়া' মানে নিজে নিজে। আমি যাকেই ভোট দেই না কেন ভোটটা আমার কাছেই থাকলো। তাই ভোট কাকে দিব, কে বিজয়ী হবে তা নিয়ে আমার ভাবনা নাই। তবে নিকটস্থ এলাকার হওয়ার স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামানকে বিজয়ী হিসেবে দেখতে চান তিনি।
গাজীপুর ৫ আসনে ৮জন প্রার্থী লড়াই করছেন। তারা হলেন—নৌকার প্রার্থী মেহের আফরোজ শাওন, জাতীয় পার্টি নিয়াজ উদ্দীন, জাসদের মশাল মিছিলে মোহাম্মদ তারিকুল ইসলাম আকন্দ, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আল আমিন দেওয়ান, উদীয়মান সূর্য্য প্রতীকে গণফোরাম সোহেল মিয়া, একতারা প্রতীকে বাংলাদেশ সুপ্রিম পার্টির উর্মি, ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী আখতারুউজ্জামান ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেন।