নৌকায় ভোট দিতে বাধ্য করার অভিযোগ, আহত ৪ 

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৩২ পিএম

ভোটারদের নানাভাবে প্রভাবিত করছে নৌকার প্রার্থীর সমর্থকেরা। তাদের অনেকেই কেন্দ্রের ভেতরে প্রবেশ করে নৌকায় ভোট দিতে বাধ্য করছেন। এমন অভিযোগ স্বতন্ত্র প্রাথীর অনুসারীদের। তারা বলছেন, নৌকায় ভোট দিতে সবাইকে বাধ্য করছে। ভোট না দিলে অনেককেই হুমকি দিচ্ছে। এমন ঘটনার প্রতিবাদ করায় হামলা করা হয়েছে তাদের উপর। 

রবিবার (৭ জানুয়ারি) গাজীপুরের কালীগঞ্জের মেহের আফরোজ চুমকি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এমন অভিযোগ পাওয়া গেছে। সেখানে বেলা নয়টা থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

বেলা এগারোটায় কথা হয় দাওয়াপাড়া গ্রামের মো, মাসুমের সাথে। তিনি ট্রাক মার্কার আখতারুজ্জামানের সমর্থক। মাসুম অভিযোগ করে দেশ রূপান্তরকে বলেন, তারা আমাদেরকে এখান থেকে সরে যেতে বলে, অন্যদিকে আমাদের লোকজনকেই নৌকায় ভোট দিতে বাধ্য করে। এজন্য আমরা প্রতিবাদ করা আমাদের উপর আমলা করা হয়েছে। আমার মাথায় আঘাত করেছে। ফেটে গেছে। 

এ বিষয়ে কালিগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য আহাম্মদুল কবীর দেশ রূপান্তরকে বলেন, আমাদের ৪ জনকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। তাদের তিনজন এখনও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তারা আমাদেরকে এখানে থাকতেই দেবে না। বাইরের লোক ভাড়া করে আমাদের উপর হামলা করেছে। আমরা এসব অভিযোগ প্রিসাইডিং অফিসারকে জানিয়েছি কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।

জানতে চাইলে মেহের আফরোজ চুমকি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল্লাহ আল মামুন দেশ রূপান্তরকে বলেন, কেন্দ্রের ভেতরে কোনো ঝামেলা হয়নি। বাইরে বাকবিতণ্ডা হয়েছে শুনেছি।
 
জানতে চাইলে দায়িত্বরত পুলিশ ইন্সপেক্টর বলেন, আমরা এখানে এসে কোনো সংঘর্ষ কিংবা ঝামেলা দেখতে পাইনি তবে শুনেছি। এখন পরিস্থিতি ঠি আছে। আমরা দুই প্রার্থীর সমর্থকদের সরিয়ে দিয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত