জনগণ উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসছে: নানক

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৪৪ পিএম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ঢাকা-১৩ আসনের নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘জনগণ উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসছে।’ রবিবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুরের বাদশা ফয়সল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘যারা রাজনৈতিকভাবে ভোটের বিরোধিতা করছে, তারা দেশের শত্রু-গণতন্ত্রের শত্রু। তাদের বৃদ্ধাঙ্গুলি ও রেড কার্ড দেখিয়ে আজকে জনগণ উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসছে।’
  
তিনি বলেন, ‘যেহেতু শীতের সকাল তাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে। অভূতপূর্ব, সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা কেন্দ্রে আসছেন। ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা আছে। তারা আমাকে বলেছেন, এত সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে, আমরা অবাক হয়ে গেছি।’

ভোটারদের উদ্দেশ্যে আওয়ামী লীগের এই নেতা বলেন,‘ভোটারদের বলব, ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন। আপনাদের জাতীয় দায়িত্ব পালন করুন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত